১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

ফেনীতে শিশু ধর্ষণের চেষ্টা, চা দোকানি গ্রেপ্তার

পুলিশ জানায়, রোববার রাতে ওই শিশুর মা ফুলগাজী থানায় মামলা করেন।

ফেনীতে শিশু ধর্ষণের চেষ্টা, চা দোকানি গ্রেপ্তার
প্রতীকী ছবি।

ফেনী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Mar 2025, 03:50 PM

Updated : 26 Aug 2026, 11:59 AM

ফেনীর ফুলগাজী উপজেলায় দ্বিতীয় শ্রেণিতে পড়ুয়া মাদ্রাসার এক ছাত্রীকে খাবারের লোভ দেখিয়ে ধর্ষণের চেষ্টায় একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

সোমবার ফুলগাজী থানার পরিদর্শক (তদন্ত) নুরুল ইসলাম বলেন, রোববার আট বছর বয়সি ওই শিশুর মা থানায় মামলা করেন। পরে রাতেই আসামিকে গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তার নুরুল ইসলাম (৫৫) ওই উপজেলার বাসিন্দা। তিনি স্থানীয় চা দোকানি। 

মামলার বরাতে পরিদর্শক নুরুল বলেন, “৩ মার্চ ওই ছাত্রী মাদ্রাসায় যায়। পরে সকাল সাড়ে ১০টায় ক্লাসের বিরতিতে টিফিন কিনতে পাশের চা দোকানে যায়। চা দোকানি নুরুল তাকে খাবার খাওয়ানোর কথা বলে দোকানের ভেতরে তার কোলে নিয়ে বসায়। 

“একপর্যায়ে নুরুল শিশুটিকে যৌন নিপীড়ন করলে শিশুটি চিৎকার দেয়। এ সময় নুরুল শিশুটিকে ছেড়ে দেয়। দুপুরে শিশুটি বাড়িতে ফিরে তার মাকে বিষয়টি জানায়।”

তিনি বলেন, “পরে বিষয়টি শিশুটির মা তার প্রবাসী স্বামী, ভাই ও মাদ্রাসা কর্তৃপক্ষকে অবগত করেন। তাদের পরামর্শে রোববার রাতে নারী ও শিশু নির্যাতন দমন আইনে থানায় মামলা দায়ের করা হয়।” 

সোমবার গ্রেপ্তার নুরুলকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।