২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গোপালগঞ্জে ফসলি জমির মাটি কাটায় লাখ টাকা জরিমানা

কৃষি জমি রক্ষায় বালুমহল ও মাটি ব্যবস্থাপনা আইনে এই জরিমানা করা হয়।

গোপালগঞ্জে ফসলি জমির মাটি কাটায় লাখ টাকা জরিমানা

মাটি উত্তোলনে ব্যবহৃত ভেকু।

গোপালগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Apr 2023, 02:43 PM

Updated : 30 Apr 2023, 02:43 PM

গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলায় ভেকু দিয়ে ফসলি জমি থেকে মাটি উত্তোলন করে বিক্রি করায় দুই মাটি ব্যবসায়ীকে এক লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

রোববার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক মো. মেহেদী হাসান এ জরিমানা করেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন কাশিয়ানী উপজেলার বরাশুর গ্রামের মৃত রতন কাজীর ছেলে শামীম কাজী (৪৮) ও গোপালগঞ্জ শহরের মাস্টারপাড়া এলাকার সিরাজুল ইসলামের ছেলে বাবুল শিকদার (৩৫)।

ইউএনও মেহেদী হাসান জানান, ওই দুই মাটি ব্যবসায়ী উপজেলার বরাশুর এলাকায় দীর্ঘদিন ধরে ফসলি জমি থেকে মাটি উত্তোলন করে বিক্রি করে আসছিলেন।

স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে দুপুরে ঘটনাস্থলে গিয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এ সময় বালুমহল ও মাটি ব্যবস্থাপনা আইনে দুই মাটি ব্যবসায়ীর প্রত্যেককে ৫০ হাজার টাকা করে মোট ১ লাখ টাকা জরিমানা করা হয়।

তিনি আরও জানান, কৃষি জমি রক্ষায় এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।