২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাতক্ষীরায় কুপিয়ে শিক্ষককে হত্যার পর গণপিটুনিতে ‘হামলাকারী’ নিহত

ওসি বলেন, “শোনা যাচ্ছে, গণপিটুনিতে নিহত রাজু মানসিক ভারসাম্যহীন ছিলেন।”

সাতক্ষীরায় কুপিয়ে শিক্ষককে হত্যার পর গণপিটুনিতে ‘হামলাকারী’ নিহত
সাতক্ষীরার তালা থানা। ফাইল ছবি

সাতক্ষীরা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jul 2025, 09:43 PM

Updated : 26 Aug 2026, 01:25 PM

সাতক্ষীরার তালা উপজেলায় এক মাদ্রাসা শিক্ষককে কুপিয়ে হত্যার পর জনতা ‘হামলাকারীকে’ পিটিয়ে মেরে ফেলেছে। 

রোববার বিকালে উপজেলার খেশরা ইউনিয়নের শাহাপুর গ্রামে এ ঘটনা ঘটে বলে তালা থানার ওসি মো. মাইনউদ্দিন জানান। 

নিহতরা হলেন- উপজেলার শাহাপুর মাদ্রাসার শিক্ষক এবং হরিহর গ্রামের মৃত মওলানা আলিমুদ্দিন গাজীর ছেলে শরিফুল গাজী (৩৮) এবং একই গ্রামের মোস্তফা ওরফে খোকন গাজীর ছেলে রাজু গাজী (৩৬)। 

খেশরা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান এস এম লিয়াকত হোসেন বলেন, “বিকালে রাজু শিক্ষক শরিফুলকে ডেকে মাদ্রাসার সামনে নিয়ে আসেন। তারপর হঠাৎ করেই দেশীয় ধারালো অস্ত্র দিয়ে তাকে এলোপাতাড়ি কোপানো শুরু করেন। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় শিক্ষক শরিফুলের। 

“তখন স্থানীয়রা ছুটে এসে রাজু গাজীকে আটক করে গণপিটুনি দেয়, এতে ঘটনাস্থলে তারও মৃত্যু ঘটে।”

সাবেক এই ইউপি চেয়ারম্যান দাবি করেন, রাজু মানসিক ভারসাম্যহীন।  

ওসি মাইনউদ্দিন বলেন, “আমরা ঘটনাস্থলে আছি। মরদেহ ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে পাঠানো হচ্ছে। এলাকাটি দুর্গম।

“শোনা যাচ্ছে, গণপিটুনিতে নিহত রাজু মানসিক ভারসাম্যহীন ছিলেন।”