Published : 31 Oct 2022, 04:59 PM
পদ্মা সেতুর জাজিরা প্রান্ত থেকে সন্দেহজনক গতিবিধির কারণে আটক ভারতীয় এক নাগরিক গোপালগঞ্জ হাসপাতালে মারা গেছেন।
গোপালগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের সহকারী পরিচালক অসিত কুমার মল্লিক জানান, তারেক বাইন নামের ওই ব্যক্তি রোববার রাত সাড়ে ৯টার দিকে হাসপাতালে মারা যান।
৬০ বছর বয়সী তারেক ভারতের বিহার রাজ্যের সোনার গ্রামের মরণ বাইনের ছেলে বলে কারা কর্তৃপক্ষ জানিয়েছে।
অসিত বলেন, তারেক শ্বাসকষ্ট ও উচ্চ রক্তচাপসহ বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছিলেন। অসুস্থ অবস্থায় রোববার রাত ৮টার দিকে তাকে হাসপাতলে ভর্তি করা হয়েছিল।
গোপালগঞ্জ কারাগারের জেল সুপার মো. ওবায়দুর রহমান জানান, সন্দেহজনক গতিবিধির কারণে পদ্মা সেতুর শরীয়তপুরের জাজিরা প্রান্ত থেকে ২০২১ সালের ৮ জুলাই তারেক বাইনকে আটক করা হয়। পরে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে তার বিরুদ্ধে মামলা হয়।
শরীয়তপুরের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের মাধ্যমে তাকে ২০২১ সালের ৯ জুলাই শরীয়তপুর জেলা কারাগারে নেওয়া হয়। চলতি বছরের ২০ জানুয়ারি থেকে তিনি গোপালগঞ্জ জেলা কারাগারে বন্দি ছিলেন।
জেল সুপার বলেন, তারেক হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে গোপালগঞ্জ হাসপাতালে নেওয়া হয়। পরে সেখানেই তিনি মারা যান। তার লাশ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।