কুমিল্লা বিশ্ববিদ্যালয় শিক্ষককে নিয়ে ‘কুরুচিপূর্ণ’ বক্তব্য, দুটি তদন্ত কমিটি
ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মো. আমিরুল হক চৌধুরী স্বাক্ষরিত পৃথক দুইটি অফিস আদেশে এই তদন্ত কমিটি গঠনের বিষয়টি জানানো হয়।
কুমিল্লা বিশ্ববিদ্যালয় শিক্ষকের বিরুদ্ধে কিছু কর্মকর্তা-কর্মচারীর ‘কুরুচিপূর্ণ’ বক্তব্য দেওয়ার অভিযোগ তদন্তে দুইটি কমিটি গঠন করেছে কর্তৃপক্ষ।
মঙ্গলবার দুপুরে এ ঘোষণা দেওয়ার পর শিক্ষার্থীরা প্রশাসনিক ভবনের সামনে অবস্থান কর্মসূচি স্থগিত করেছেন।
বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি ও সাধারণ শিক্ষার্থীদের আবেদনের পরিপ্রেক্ষিতে মঙ্গলবার তদন্ত কমিটি দুটি গঠন করা হয় বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মো. আমিরুল হক চৌধুরী।
এর আগে এ ঘটনার বিচার দাবিতে মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের ফটকে তালা ঝুলিয়ে আন্দোলন করেন পদার্থবিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা।
বেলা ১১টায় প্রশাসনিক তালা দিয়ে আন্দোলন শুরু করেন তারা। সুষ্ঠু বিচার না হওয়া পর্যান্ত প্রশাসনিক ভবনের সামনে অবস্থান করার ঘোষণা দেন।
তদন্ত কমিটি গঠন করা হলে দুপুরের পর আন্দোলন স্থগিত করেন শিক্ষার্থীরা।
মঙ্গলবার দুপুরে ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মো. আমিরুল হক চৌধুরী স্বাক্ষরিত পৃথক দুইটি অফিস আদেশে এই তদন্ত কমিটি গঠনের বিষয়টি জানানো হয়।
একটি অফিস আদেশে বলা হয়, বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক মো. আবু তাহেরের বিরুদ্ধে গত ২৩ অগাস্ট কর্মকর্তা ও কর্মচারীদের একাংশ কর্তৃক মিথ্যাচার ও মানহানিমূলক বক্তব্যের বিচার চেয়ে কুমিল্লা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির আবেদনের পরিপ্রেক্ষিতে উপ-উপাচার্য অধ্যাপক মোহাম্মদ হুমায়ুন কবিরকে আহ্বায়ক এবং প্রক্টর (ভারপ্রাপ্ত) কাজী ওমর সিদ্দিকীকে সদস্য সচিব করে ৫ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়।
কমিটির বাকি সদস্যরা হলেন, রসায়ন বিভাগের অধ্যাপক মোহাম্মদ সৈয়দুর রহমান, সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন এন এম রবিউল আউয়াল চৌধুরী এবং অর্থনীতি বিভাগের অধ্যাপক মুহ. আমিনুল ইসলাম আকন্দ।
অপর অফিস আদেশে বলা হয়, কর্মকর্তা ও কর্মচারীদের একাংশের মানববন্ধনে আনীত বিভিন্ন অভিযোগের বিষয়ে শিক্ষার্থীদের আবেদনের প্রেক্ষিতে তদন্তপূর্বক প্রতিবেদন প্রদানের জন্য বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক মো.আসাদুজ্জামানকে আহ্বায়ক এবং প্রক্টর (ভারপ্রাপ্ত) কাজী ওমর সিদ্দিকীকে সদস্য সচিব করে ৫ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়।
কমিটির বাকি সদস্যরা হলেন, সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন এন এম রবিউল আউয়াল চৌধুরী, ব্যবস্থাপনা শিক্ষা বিভাগের অধ্যাপক শেখ মকছেদুর রহমান এবং আইকিউএসির পরিচালক অধ্যাপক মো. রশিদুল ইসলাম শেখ।
ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মো. আমিরুল হক চৌধুরী জানান, দুটি কমিটিকেই আগামী ৭ কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার অনুরোধ করা হয়।
এদিকে, একই বিষয়ে পৃথক কমিটি ও উভয় কমিটিতে একই ব্যক্তিকে রাখায় ক্ষোভ প্রকাশ করেছে শিক্ষক সমিতি।
সংগঠনটির সভাপতি অধ্যাপক দুলাল চন্দ্র নন্দী বলেন, “একই বিষয়ে দুটি তদন্ত কমিটি গঠন করার কোনো যৌক্তিকতা নেই। একাধিক কমিটি করার পিছনে প্রশাসনের হীন উদ্দেশ্য থাকতে পারে।”
এ বিষয়ে রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) আমিরুল হক চৌধুরী বলেন, “একই ঘটনায় দুপক্ষ থেকে অভিযোগ আসায় দুটি কমটি গঠন করা হয়েছে।”
আর একই ব্যক্তি উভয় কমিটিতে থাকার বিষয়ে তিনি বলেন, “এটি কর্তৃপক্ষের বিষয়। কর্তৃপক্ষ যাকে ইচ্ছে তাকে রাখতে পারে।”
গত ২৩ অগাস্ট কুমিল্লা বিশ্ববিদ্যালয় কর্মকর্তা-কর্মচারী ঐক্য পরিষদের ব্যানারে মানববন্ধন করেন কর্মকর্তা-কর্মচারীদের একাংশ।
এ সময় কয়েকজন সাবেক ওই রেজিস্ট্রারকে জামায়াত-শিবিরের প্রধান পৃষ্ঠপোষক, জামায়াত-শিবির ও বিএনপির নিয়োগদাতা, সোলার ক্রয় দুর্নীতির হোতাসহ বিভিন্ন অভিযোগে জড়িয়ে দুর্নীতিবাজ বলে অবহিত করেন।
এ ঘটনায় অধ্যাপক তাহেরের মানহানি করা হয়েছে দাবি করে কর্মকর্তা-কর্মচারীদের মানববন্ধনের পরদিনই প্রতিবাদ জানিয়ে ও সংশ্লিষ্টদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে উল্টো মানববন্ধন করেন পদার্থবিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা।
সে সময় মানববন্ধনে পরবর্তী তিন কর্মদিবসের মধ্যে এ ঘটনার সুষ্ঠু বিচার দাবি করা হয়। একই সময়ে অভিন্ন দাবিতে প্রেস বিজ্ঞপ্তি দিয়েছিল বঙ্গবন্ধু পরিষদের একাংশ (সাইদুল-খলিলুর সমর্থিত) ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি। মানহানির ঘটনার প্রতিবাদ জানিয়েছিল শাখা ছাত্রলীগও। তবে দাবি না মানায় ২৯ অগাস্ট ও মঙ্গলবার ফের আন্দোলন করেন শিক্ষার্থীরা।
আরও পড়ুন:
