কুমিল্লা বিশ্ববিদ্যালয় শিক্ষককে ‘কুরুচিপূর্ণ’ মন্তব্য, প্রশাসনিক ভবনে তালা শিক্ষার্থীদের
প্রক্টরের আশ্বাসের সাতদিন শেষ হলেও প্রশাসন থেকে বিচারের কোনো উদ্যোগ না নেওয়ায় আন্দোলনে নামেন শিক্ষার্থীরা।
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের এক অধ্যাপককে নিয়ে কর্মকর্তা-কর্মচারীদের ‘কুরুচিপূর্ণ ও মিথ্যা’ বক্তব্যের প্রতিবাদে প্রশাসনিক ভবনে তালা দিয়ে বিক্ষোভ করেছেন পদার্থবিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা।
মঙ্গলবার সকাল ১১টায় আন্দোলন শুরু করেন শিক্ষার্থীরা; সুষ্ঠু সমাধান না হওয়া পর্যন্ত প্রশাসনিক ভবনের সামনে তারা অবস্থান করার ঘোষণা দেন।
আন্দোলনে থাকা শিক্ষার্থীরা জানান, গত ২৪ অগাস্ট কয়েকজন কর্মকর্তা-কর্মচারী বিশ্ববিদ্যালয়ের সাবেক রেজিস্ট্রার ও পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক মো. আবু তাহেরকে নিয়ে ‘কুরুচিপূর্ণ’ মন্তব্য করেন। এর প্রতিবাদে শিক্ষার্থীরা মানববন্ধন করেন এবং তিনদিনের মধ্যে বিচারের দাবিতে উপাচার্যকে স্মারকলিপি দেন।
কিন্তু তাতে প্রশাসন কোনো উদ্যোগ না নিলে ২৯ অগাস্ট বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে পদার্থবিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা ব্যানার ও ফেস্টুন নিয়ে মানববন্ধন করেন এবং প্রশাসনিক ভবনে অবস্থান নেন।
পরে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর কাজী ওমর সিদ্দিকীর আশ্বাসে সাত দিনের মধ্যে বিচারের দাবিতে প্রশাসনিক ভবন ত্যাগ করেন তারা। কিন্তু সাতদিন শেষ হলেও প্রশাসন থেকে বিচারের কোনো উদ্যোগ না নেয়ায় মঙ্গলবার আন্দোলনে নামেন শিক্ষার্থীরা।
শিক্ষার্থী হাসান বিদ্যুৎ বলেন, “আমরা শেষ পর্যন্ত বাধ্য হয়েছি প্রশাসনিক ভবনে তালা দিতে। এতদিনে কেন প্রশাসন তদন্ত কমিটি গঠন করতে পারেনি। একজন শিক্ষকের বিরুদ্ধে জনগণের সামনে একজন কর্মচারী যেভাবে বক্তব্য দিয়েছে, এজন্য তাকে সবার সামনে ক্ষমা চাইতে হবে।”
শিক্ষার্থী হুমায়রা শওকত বলেন, “তারা একজন শিক্ষকের বিরুদ্ধে যেভাবে অযৌক্তিক, মিথ্যা ও বানোয়াট বক্তব্য দিয়েছে সেটা ভিত্তিহীন। স্যার যখন বিষয়টি সমাধান করতে ভিসি স্যারের রুমে গেছেন। একই সময়ে তারা মানববন্ধনের নামে মিথ্যা তথ্য দিয়ে বক্তব্য দেন, যা খুবই অমবমাননাকর।”
“তারা উদ্দেশ্যপ্রণোদিত হয়ে স্যারের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন। আমরা এখন এটির সুষ্ঠু বিচার চাই।”
এ প্রসঙ্গে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর (ভারপ্রাপ্ত) কাজী ওমর সিদ্দিকী বলেন, “আমি বিষয়টি নিয়ে শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে তাদের দাবি জেনেছি। এই বিষয়ে উপাচার্যের সঙ্গে কথা বলেছি। শিক্ষার্থীদের এই দাবি যদি সঠিক হয়, তাহলে প্রশাসন অবশ্যই তদন্ত করে দেখবে।”
গত ২৩ অগাস্ট কুমিল্লা বিশ্ববিদ্যালয় কর্মকর্তা-কর্মচারী ঐক্য পরিষদের ব্যানারে মানববন্ধন করেন কর্মকর্তা-কর্মচারীদের একাংশ। এ সময় কয়েকজন সাবেক ওই রেজিস্ট্রারকে জামায়াত-শিবিরের প্রধান পৃষ্ঠপোষক, জামায়াত-শিবির ও বিএনপির নিয়োগ দাতা, সোলার ক্রয় দুর্নীতির হোতাসহ বিভিন্ন অভিযোগে জড়িয়ে দুর্নীতিবাজ বলে বক্তব্য দেন।
এ ঘটনার পর থেকেই ক্ষুব্ধ হয়ে পড়েন ওই বিভাগের শিক্ষার্থী।
