১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪ আশ্বিন ১৪৩৩

নারায়ণগঞ্জে গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ

পুলিশ জানায়, ঘটনার পর থেকে ওই গৃহবধূর স্বামী রিপন এবং দেবর আরিফ পলাতক রয়েছেন।

নারায়ণগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Mar 2025, 02:02 PM

Updated : 26 Aug 2026, 09:32 AM

নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় এক গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠছে তার স্বামী ও দেবরের বিরুদ্ধে। 

শুক্রবার রাতে উপজেলার গোপালদী পৌরসভার রামচন্দ্রদী পূর্বপাড়া গ্রামে এই ঘটনা ঘটে বলে আড়াইহাজার থানার ওসি আহসান উল্লাহ জানান।

নিহত গোলনাহার বেগম (২৫) ওই গ্রামের প্রয়াত রহিম মিয়ার মেয়ে।

পুলিশ জানায়, এই ঘটনার পর থেকে নিহতের স্বামী মো. রিপন ও দেবর মো. আরিফ পলাতক রয়েছেন। 

স্থানীয়দের বরাতে ওসি আহসান বলেন, সাত বছর আগে পারিবারিকভাবে গোলনাহারের সঙ্গে রিপনের বিয়ে হয়। তাদের সংসারে দুটি সন্তান রয়েছে। 

“শুক্রবার রাত ৯টার দিকে ঘরে মুরগি রান্নাকে কেন্দ্র করে ঝগড়ার জেরে ওই নারীকে পিটিয়ে আহত করেন তার স্বামী ও দেবর।” 

এক পর্যায়ে ওই নারী মূর্ছা গেলে তাকে আহত অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন বলে জানান তিনি।

লাশ শনিবার সকালে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে একটি হত্যা মামলার প্রস্তুতি চলছে বলে জানান ওসি।

নিহতের ভাই আব্দুল হক বলেন, “শ্বশুর বাড়িতে যৌতুকের জন্য বোনকে প্রায়ই শারীরিক ও মানসিক নির্যাতন করা হত। তার হত্যার বিচার দাবি করছি।”