উত্তরের পথে চার লেইনের মাঝে ১৩ কিলোমিটার সড়ক নিয়ে দুর্ভাবনা
বঙ্গবন্ধু সেতুর আগে ওই সিঙ্গেল লেইনে কোনো গাড়ি বিকল হলে তা অপসারণ করাও হবে চ্যালেঞ্জের।
রাজধানী থেকে উত্তরের পথে গাজীপুরের জয়দেবপুর থেকে টাঙ্গাইলের কালিহাতী উপজেলার এলেঙ্গা পর্যন্ত ৭০ কিলোমিটার পথে চার লেইনের সড়কে চলাচল এখন নির্বিঘ্ন। মূল সড়কের পাশে ছোট গাড়ি চলাচলের জন্য দুই পাশে সার্ভিস লেইন সড়কটিকে করেছে নিরাপদও। তবু ঈদযাত্রায় রয়েই গেছে ভোগান্তির শঙ্কা।
এর কারণ এলেঙ্গা থেকে বঙ্গবন্ধু সেতুর পূর্বপাড় পর্যন্ত সাড়ে ১৩ কিলোমিটার সড়ক দুই লেইনের।
নিত্যদিনই চার লেইনের এক পাশে দুই লেইন থেকে এক লেইনে গাড়ি ঢুকতে গিয়ে ধীরগতির জটিলতা তৈরি হয়। সোমবার বিকাল থেকে ঈদযাত্রায় গাড়ির স্রোত বাড়লে সেই ধীরগতিই বড় যানজটের কারণ হতে পারে।
যদি এই সিঙ্গেল লেইনে কোনো গাড়ি বিকল হয়, তাহলে তা অপসারণ করাও হবে চ্যালেঞ্জের।
পাশাপাশি বঙ্গবন্ধু সেতু পূর্বপাড় থেকে এলেঙ্গা পর্যন্ত ২৭ কিলোমিটার সড়কে পাঁচটি পশুর হাট নিয়ে দুশ্চিন্তায় পুলিশ।
বঙ্গবন্ধু সেতু সাইড কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী আহসানুল কবীর পাভেল বলেন, স্বাভাবিক সময়ে প্রতিদিন ১৬ থেকে ১৭ হাজার যানবাহন বঙ্গবন্ধু সেতু পারাপার হয়। এখন ২৮ থেকে ৩০ হাজার যানবাহন সেতু পারাপার হচ্ছে।
সোমবার কর্মদিবস শেষে ঈদের ছুটি শুরু হয়ে গেলে যানবাহনের চাপ আরও বেড়ে যাবে বলে ধারণা করছেন তিনি।
ঈদুল ফিতরের তুলনায় ঈদুল আজহায় সড়কের চাপ বেশি থাকে এ কারণে যে, এ সময় ঢাকা থেকে গ্রামমুখী চাপের পাশাপাশি গ্রাম থেকে শহরমুখী চাপও থাকে। মফস্বল থেকে ট্রাকে ট্রাকে আসতে থাকে কোরবানির পশু। ফলে চৌরাস্তা বা বড় মোড়গুলোতে দুই পাশেই দেখা দেয় যানজট।
আবার নিষেধ থাকলেও মহাসড়কের পাশে বড় বড় হাট বসে। সেখানে যাতায়াত, ট্রাক থেকে পশু নামানো, পশুর চলাচল তৈরি করে বিশৃঙ্খলা।
পুলিশ বলছে, ঈদুল ফিতরে মত ‘স্বস্তিদায়ক’ ঈদ যাত্রা নিশ্চিত করতে সকল ধরনের প্রস্তুতি নেওয়া আছে।
টাঙ্গাইল সদর উপজেলার করটিয়া হাট বাইপাস থেকে বঙ্গবন্ধু সেতুর পূর্বপাড় পর্যন্ত ঘুরে দেখা যায়, এলেঙ্গা পর্যন্ত চার লেইনের সড়কে যানবাহনের গতি ভালো। এখন পর্যন্ত এলেঙ্গা থেকে সেতু পর্যন্ত সিঙ্গেল সড়কেও যানজট নেই।
মহাসড়কের পাশে এলেঙ্গা, জোকারচর, বঙ্গবন্ধু সেতু পূর্বপাড়ের থানা এলাকায় চার লেইনে উন্নয়নের কাজ চলছে। কেউ সড়কের কাজ করছে, কেউ করছে সেতুর কাজ।
সড়কের নির্মাণ শ্রমিক সবুজ মিয়া বলেন, “ঈদ আসলে আমাদেরকে ভোর থেকে গভীর রাত পর্যন্ত কাজ করতে হয়। তিন শিফটে আমরা কাজ করে থাকি।”
গত বছর ঈদুল আজহার সময় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যানজটে প্রায় ১৬ ঘণ্টা আটকা থাকার কথা জানিয়ে দিনাজপুর রুটের বাস চালক আজিজুল হক বলেন, “গত ঈদে (ঈদুল ফিতর) স্বস্তি ছিল। তবে এবারের ঈদে যানজট হতে পারে।”
সিরাজগঞ্জের ট্রাক চালক কাদের মিয়া বলেন, “ঢাকায় গরু নিয়ে যাচ্ছি। এই সময়ে অনেক ট্রাক বিকল হয়ে অনেক সময় যানজটের সৃষ্টি হয়।”
চার লেইন প্রকল্পের প্রকল্প পরিচালক রবিউল ইসলাম বলেন, “ভূঞাপুর লিংক রোড থেকে এলেঙ্গা পর্যন্ত সড়কের পূর্বপাশে বর্ধিত করা হয়েছে। ওই অংশে যানবাহন চলাচল করছে। এ পর্যন্ত প্রায় ১২ শতাংশ কাজ শেষ হয়েছে।”
টাঙ্গাইলের পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার বলেন, “গত ঈদে নির্বিঘ্ন যাত্রা নিশ্চিত করা গিয়েছিল। তবে এবার নতুন কিছু আশঙ্কা তৈরি হয়েছে। উত্তরবঙ্গমুখী যানবাহনের চাপ বাড়লে ঢাকাগামী যানবাহনগুলো বঙ্গবন্ধু সেতু পূর্বপাড়ের গোল চত্বর হয়ে ভূঞাপুর দিয়ে এলেঙ্গায় আসবে।
“এই ২৭ কিলোমিটার সড়কে পাঁচটি পশুর হাট রয়েছে। হাট এলাকায় যানজটের শঙ্কা রয়েছে। যেসব এলাকায় পশুর হাট বসবে সেখানে যানজট নিরসনে হাট কমিটি ও পুলিশের সদস্যরা দায়িত্ব পালন করবে।”
এলেঙ্গায় ফুটওভার ব্রিজ না থাকায় কালিহাতী, মধুপুর, ময়মনসিংহ ও জামালপুরের মানুষের সড়ক পারাপার ও হাটে পশু আনা নেওয়াকেও চ্যালেঞ্জ হিসেবে দেখছেন এই পুলিশ কর্মকর্তা।
সেতুর উপরে অনেক সময় যানবাহন বিকল হয়ে যায় জানিয়ে এ নিয়েও দুশ্চিন্তার কথা বলেছেন তিনি। মহাসড়কের সঙ্গে বিভিন্ন এলাকায় বড় তিনটি রেলক্রসিং নিয়েও আছে দুর্ভাবনা।
পুলিশ সুপার বলেন, “প্রায় এক মাস ধরে দিনে ফলবাহী তিন থেকে চার হাজার ট্রাক চলাচল করছে। এবার যোগ হয়েছে পশুবাহী ট্রাক।”
এসব চ্যালেঞ্জ মোকাবিলায় সাত শতাধিক পুলিশ মহাসড়কের দায়িত্ব পালন করবে বলেও জানিয়েছেন তিনি।
