জামালপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে চাচা-ভাতিজার মৃত্যু
ভাতিজাকে উদ্ধার করতে গেলে চাচাও বিদ্যুতায়িত হন।
জামালপুরের বকশীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুইজনের মৃত্যু হয়েছে।
রোববার দুপুরে পৌর এলাকার সওদাগর পাড়ায় এই দুর্ঘটনা ঘটে বলে বকশীগঞ্জ থানার ওসি মুহাম্মদ তরিকুল ইসলাম জানান।
নিহত সুলতান মিয়া (৪৫) সওদাগর পাড়ার মৃত কুব্বাত আলীর ছেলে এবং তার চাচা সায়েদ আলী (৬৫) মৃত আবেদ আলীর ছেলে। তারা সম্পর্কে চাচা-ভাতিজা এবং মাংস বিক্রেতা ছিলেন।
বকশীগঞ্জ পৌরসভার মেয়র নজরুল ইসলাম সওদাগর জানান, সুলতান মিয়া দুপুরে টিউবওয়েল চেপে গোসল করতে যান। পানির মোটরের সঙ্গে টিউবওয়েলটির সংযোগ থাকায় বিদ্যুতায়িত হন সুলতান মিয়া। এ সময় চাচা সায়েদ আলী তাকে উদ্ধার করতে গেলে তিনিও বিদ্যুতায়িত হন।
স্থানীয়রা উদ্ধার করে বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
এর মধ্যে মৃত সুলতান মিয়া বকশিগঞ্জ পৌর যুবলীগের সদস্য ছিলেন।
বকশীগঞ্জ থানার ওসি তরিকুল আরও জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
