ভাই-বোন খেলছিল পুকুরের ধারে, পরে ভেসে উঠল মরদেহ
হবিগঞ্জের পুলিশ জানায়, বাড়ির পাশে পুকুরের কাছে খেলাধুলা করার সময় পানিতে পড়ে যায় জান্নাত ও ইয়াসিন।
হবিগঞ্জের বাহুবল উপজেলায় পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে।
শনিবার দুপুরে মিরপুর ইউনিয়নের রঘুরামপুর গ্রামে এই ঘটনা ঘটে বলে জানিয়েছেন বাহুবল মডেল থানার ওসি মো. রকিবুল ইসলাম খান।
নিহতরা হলো- ওই গ্রামের সালাহ উদ্দিনের দেড় বছরের মেয়ে জান্নাত আক্তার এবং মহি উদ্দিনের চার বছরের ছেলে ইয়াসিন আহমেদ। তারা চাচাত ভাই-বোন।
স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, বাড়ির পাশে পুকুরের কাছে খেলাধুলা করছিল জান্নাত ও ইয়াসিন। একপর্যায়ে তারা পুকুরে পড়ে যায়।
তাদের দেখতে না পেয়ে পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করেন। কিছুক্ষণ পর জান্নাত ও ইয়াসিনকে পুকুরে ভাসতে দেখা যায়।
দ্রুত তাদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মো. মাজহার হোসেন নাহিদ মৃত ঘোষণা করেন।
খবর পেয়ে বাহুবল-নবীগঞ্জ সার্কেলের জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার মো. আবুল খয়ের হাসপাতালে গিয়ে নিহতদের পরিবারকে সান্ত্বনা দেন বলে জানান ওসি রকিবুল ইসলাম খান।
