পুকুর পাড়ে গৃহবধূর লাশ, আটক শ্বশুর-শাশুড়ি
ঘটনার পর থেকে স্বামী পলাতক রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
সিরাজগঞ্জের তাড়াশে এক গৃহবধূকে শ্বাসরোধে ও গ্যাস ট্যাবলেট খাইয়ে হত্যা করার অভিযোগ উঠেছে।
শনিবার সকালে উপজেলার মাধাইনগর ইউনিয়নের চকঝুঝুরি গ্রামে এ ঘটনা ঘটে বলে তাড়াশ থানার পরিদর্শক (তদন্ত) নুরে আলম জানান।
নিহত নাসিমা খাতুন (২৩) ওই এলাকার সুমন আলীর স্ত্রী।
নাসিমার লাশ ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। আর ঘটনার পর থেকে সুমন পলাতক রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
স্থানীয়রা জানান, নাসিমাকে তার স্বামী সুমনসহ শ্বশুর বাড়ির লোকজন প্রতিনিয়ত নির্যাতন করতো। শুক্রবার রাতে তাকে এলাপাতাড়ি পিটিয়ে আহত করে সুমন। এরপর স্বামী ও শ্বশুর নাসিমাকে জোর করে গ্যাস ট্যাবলেট খাইয়ে বাড়ির পাশে পুকুর পাড়ে ফেলে রেখে যায়।
পরে নাসিমার চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে গেলে তিনি তাদের সব জানান। এর কিছুক্ষণ পরেই নাসিমার মৃত্যু হয়।
পরিদর্শক নুরে আলম বলেন, মৃত্যুর আগে নাসিমা স্থানীয় লোকজনের কাছে স্বামী ও শ্বশুরের নির্যাতন এবং গ্যাস ট্যাবলেট খাওয়ানোর বিষয়ে জানিয়েছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য তার শ্বশুর সরোয়ার হোসেন ও শ্বাশুড়ি ফিরোজা বেগমকে আটক করেছে পুলিশ।
