২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খুলনায় সড়ক বিভাজকে বাইকের ধাক্কা, গেল ২ ভাইয়ের প্রাণ

এক বাইসাইকেল চালককে বাঁচাতে গিয়ে তাদের বাইকটি নিয়ন্ত্রণ হারায় বলে প্রত্যক্ষদর্শীদের বরাতে পুলিশ জানায়।

খুলনায় সড়ক বিভাজকে বাইকের ধাক্কা, গেল ২ ভাইয়ের প্রাণ

প্রতীকী ছবি

খুলনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Apr 2023, 12:12 AM

Updated : 28 Apr 2023, 12:12 AM

খুলনা নগরীর শেরে বাংলা সড়কে বাইক দুর্ঘটনায় দুই ভাই নিহত হয়েছেন।

বৃহস্পতিবার বেলা ৩টার দিকে ওই সড়কের হাজীবাড়ী মোড় এলাকায় এ ঘটনা ঘটে বলে সোনাডাঙ্গা থানার ওসি মোমতাজুল হক জানান।

নিহত রিফাত আহমেদ (২০) ও রোহান আহমেদ (১৮) নগরীর গল্লামারী দরগা এলাকার মো. রবিউল ইসলামের ছেলে।

প্রত্যক্ষদর্শীর বরাতে ওসি মোমতাজুল হক জানান, বৃহস্পতিবার বেলা ৩টার দিকে বাইকে নগরীর গল্লামারী এলাকা থেকে ময়লাপোতার দিকে যাচ্ছিলেন দুই ভাই। নিরালা পার হয়ে হাজীবাড়ী মোড় এলাকায় গেলে হঠাৎ তাদের বাইকের সামনে একটি বাইসাইকেল এসে যায়।

এ সময় বাইসাইকেলের চালককে বাঁচাতে গিয়ে তাদের বাইকটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক বিভাজকের সঙ্গে ধাক্কা খায়। এতে দুই ভাই ছিঁটকে রাস্তায় পড়ে মাথায় গুরুতর আঘাত পান।

স্থানীয়রা তাদের উদ্ধার করে খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।

তাদের বাবা রবিউল ইসলাম বলেন, স্থানীয় লোকজনের মাধ্যমে খবর পেয়ে তিনি হাসপাতালে ছুটে যান। সেখানে গিয়ে রিফাতকে মৃত পান। চিকিৎসাধীন অবস্থায় বিকালের দিকে রোহানেরও মৃত্যু হয়।