নাটোরে শিশুর আঙুল কেটে নেওয়ার অভিযোগ কনস্টেবলের বিরুদ্ধে
ওই কনস্টেবল নাটোর পুলিশ সুপারের কার্যালয়ে কর্মরত।
নাটোরে এক শিশুর হাতের আঙুল কেটে নেওয়ার অভিযোগ উঠেছে পুলিশের এক কনস্টেবলের বিরুদ্ধে।
বৃহস্পতিবার দুপুরে নাটোর শহরে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার মো. ইফতে খায়ের আলম।
ওই কনস্টেবল নাটোর পুলিশ সুপারের কার্যালয়ে কর্মরত।
আহত আট বছরের শিশুকে উদ্ধার করে প্রথমে নাটোর সদর হাসপাতালে এবং পরে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে তার বাবা জানান।
তিনি বলেন, “বুধবার রাতে একটি পিকনিকের আয়োজন করা হয়। সেখানে আমার ছেলের সঙ্গে কনস্টেবলের চার বছরের মেয়ের কথা-কাটাকাটি হয়। বিষয়টি আমরা পারিবারিকভাবে সমাধান করে দিই।
“কিন্তু দুপুরে কনস্টেবল ডিউটি থেকে ফিরে এসে আমার ছেলেকে জোর করে তাদের বাসায় নিয়ে যায়। সেখানে খাটের চৌকাঠের ওপর হাত রেখে বটি দিয়ে কোপ দিয়ে ছেলের আঙুল আলাদা করে ফেলে।”
এ ঘটনায় মামলার প্রস্তুতি নেওয়া হচ্ছে জানিয়ে তিনি কনস্টেবলের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।
ঘটনার পর পরই কনস্টেবল আত্মগোপন করেছেন। পরিবার দুটি একই ভবনে বসবাস করে।
পুলিশের একজন কর্মকর্তা বলেছেন, কনস্টেবল অভিযোগ করেছেন, আট বছরের ছেলেটি চার বছরের মেয়েকে যৌন নিপীড়ন করেছে।
এ বিষয়ে জানতে চাইলে অতিরিক্ত পুলিশ সুপার মো. ইফতে খায়ের আলম বলেন, “বিষয়টি আমরা শুনেছি। তবে এখনও লিখিত কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
