গাজীপুর সিটিতে কেমন মেয়র চান ভোটাররা
এই সিটি করপোরেশনের ৫৭টি ওয়ার্ডে সর্বশেষ তথ্যমতে এবার ভোটার সংখ্যা ১১ লাখ ৮৪ হাজার ৩৬৩।
গাজীপুর সিটি করপোরেশনের ভোট আগামী ২৫ মে অনুষ্ঠিত হবে বলে ঘোষণা দিয়েছে নির্বাচন কমিশন। এর পরপর প্রার্থীদের মধ্যে যেমন প্রাণচাঞ্চল্য দেখা দিয়েছে তেমনি ভোটারদের মধ্যেও দেখা দিয়েছে উৎসাহ ও উদ্দীপনা।
বিশেষ করে নবীন ও তরুণ ভোটারদের মধ্যে আগ্রহ ও উৎসাহটা একটু বেশি লক্ষ্য করা গেছে। তাদের অধিকাংশের চাওয়া মেয়র পদের প্রার্থীকে হতে হবে স্মার্ট, যুগোপযোগী শিক্ষিত ও কর্মঠ। আবার অনেকের পছন্দ সৎ ও মানুষের জন্য নিবেদিতপ্রাণ প্রার্থী।
মঙ্গলবার গাজীপুর সিটির বিভিন্ন এলাকায় ঘুরে নতুন ভোটারদের সঙ্গে কথা বলে পাওয়া গেছে তাদের অনুভূতি ও চাহিদার কথা।
গাজীপুর সিটি করপোরেশনের ১৬ নম্বর ওয়ার্ডের ভোটার ও গাজীপুর সিটি কলেজের মানিবিক বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী মো. সুজন বলেন, “আমরা সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন চাই। এ নির্বাচনে আমরা ভালো, সৎ ও নিষ্ঠাবান মেয়র চাই; যিনি হবেন যুগোপযোগী ও স্মার্ট; যার মধ্যে থাকবে আধুনিক বিশ্বের চিন্তা-চেতনা।”
সুজনের সহপাঠী ও বন্ধু নাঈম হোসেন ইমন যুক্ত করেন, “এমন মেয়র চাই যিনি নাগরিকদের সঙ্গে সু-সম্পর্ক রেখে তাদের অভাব-অভিযোগ শোনা ও দেখার মানসিকতা বজায় রাখতে সক্ষম হবেন।”
একই ওয়ার্ডের আরেক তরুণ ভোটার মো. হৃদয় বলেন, “আমরা মাদকসেবী, ঘুষখোর ও জুয়াড়ি এবং বয়সের ভারে ন্যুব্জ কোনো ব্যক্তিকে মেয়র হিসেবে দেখতে চাই না। আমরা চাই কর্মঠ ও পরিশ্রমী মেয়র।
“যিনি মাদক, ঘুষ, জুয়ার বিরুদ্ধে সোচ্চার থাকবেন; যিনি পরিচ্ছন্ন ও আধুনিক সিটির জন্য কাজ করবেন – আমরা তাকেই মেয়র হিসেবে পেতে চাই।”
চা বিক্রেতা নাসির উদ্দিন নগরীর ১৫ নম্বর ওয়ার্ডের ভোগড়া এলাকার বাসিন্দা।
কেমন প্রার্থী চান জানতে চাইলে এই তরুণ বলেন, “ভোট দেব প্রার্থীদের নিজস্ব যোগ্যতা দেখেই। নির্বাচন দলীয়ভাবে হলেও ভোট দেব প্রার্থী দেখে।”
শহরের ভুরুলিয়া এলাকার রিকশাচালক নুরু মিয়া বলেন, “ভাই, আমাগো গরিবের লাইগা সব দলই হুমান। সবাই টেহা খরচ করে নির্বাচন করে নিজে ধনী অওনের লাইগা।
“জনগণের জন্য কেউ ভাবে না। তবুও ভোটটা দিতে অইব কিচুডা অইলেও ভালো মাইনসেরে দেইহা।”
১৯ নম্বর ওয়ার্ডের কাউলতিয়া এলাকার নবীন ভোটার ও রিকশাচালক আনোয়ার হোসেন বলেন, “আমাদের এলাকায় তেমন কোনো উন্নয়ন হয়নি। রাস্তাঘাট, সড়কবাতি, পানির ড্রেন সব একেবারেই খারাপ অবস্থা। এখন পর্যন্ত পানি সাপ্লাইয়ের ব্যবস্থা হয়নি।
“মার্কা নয়, এলাকার উন্নয়নে যে বেশি কাজ করতে পারবে তাকেই আমরা ভোট দেব।”
একই প্রত্যাশার কথা বলেন দক্ষিণ সালনা এলাকার বাসিন্দা নবীন মুদি ব্যবসায়ী মো. খলিলুর রহমানও।
গাজীপুর মেট্রোপলিটন কলেজের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ২৮ নম্বর ওয়ার্ডের ভোটার গগন রহমান ও ২৫ নম্বর ওয়ার্ডের নবীন ভোটার তানজিম আল মিঠুন বলেন, জীবনের প্রথম ভোট তারা সৎ পাত্রে দান করতে চান। যিনি এলাকার উন্নয়নের কাজ নিষ্ঠার সঙ্গে করবেন তাকেই তারা ভোট দেবেন। যিনি ‘ক্লিন’ ও ‘গ্রিন’ নগরী উপহার দিতে পারবেন তাকেই তারা ভোট দেবেন।
১১ নম্বর ওয়ার্ডের কাতলাখালি এলাকার তরুণ ভোটার রাজিব সরকার বলেন, “আমাদের এই এলাকা খুবই অবহেলিত। পাকা সড়ক তো দূরের কথা, কাঁচা রাস্তাও নেই। এখানে নাগরিক সুবিধা নেই বললেই চলে। সামনে যিনি আমাদের সুখে-দুঃখে থাকবেন তাকেই মেয়র হিসেবে দেখতে চাই।”
গাজীপুর সরকারি মহিলা কলেজের একাদশ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ও ১৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা সামিহা হোসেন বলেন, “এবার সিটি নির্বাচনে প্রথমবার ভোট দেব। আমি প্রার্থীর সততা, ব্যক্তিত্ব ও প্রগতিশীল চিন্তার বিষয়গুলো বিবেচনা করেই ভোট দেব।”
১৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা তরুণ ভোটার মো. আবুল কাসেম বলেন, “আমরা সব সময় যাকে কাছে পাব তাকেই ভোট দেব।”
যিনি আগে থেকেই মানুষের কথা ভেবে আসছেন এমন প্রার্থীকেই ভোট দেবেন বলে জানান একই এলাকার আরেক নবীন ভোটার খলিলুর রহমান।
গাজীপুরের নির্বাচন কর্মকর্তা এ এইচ এন কামরুল হাসান জানান, এ সিটি করপোরেশনের ৫৭টি ওয়ার্ডে সর্বশেষ তথ্যমতে এবার ভোটার সংখ্যা ১১ লাখ ৮৪ হাজার ৩৬৩।
তাদের মধ্যে পুরুষ ভোটার হলেন পাঁচ লাখ ৯৪ হাজার ৫৩৩ জন, নারী ভোটার পাঁচ লাখ ৮৯ হাজার ৮১২ জন। এছাড়া তৃতীয় লিঙ্গের (হিজড়া) ভোটার হলেন ১৮ জন।
তিনি জানান, পাঁচ বছর আগে এই সিটির নির্বাচনের সময় মোট ভোটার ছিল ১১ লাখ ৩৭ হাজার ৭৩৬ জন। ভোটের পরিসংখ্যান থেকে দেখা গেছে গত সিটি নির্বাচনের চেয়ে এবার ভোটার বেড়েছে ৪৬ হাজার ৬২৭ জন।
সিটি নির্বাচনের প্রস্তুতি নিয়ে এই কর্মকর্তা বলেন, “এর মধ্যেই আমরা ভোটের প্রাথমিক পর্যায়ের সকল প্রস্ততি – যেমন ভোটার সংখ্যা, কেন্দ্র ও ভোট কক্ষ নির্ধারণ, ভোট কর্মকর্তা নিরূপণ ইত্যাদি – কাজ সম্পন্ন করেছি। কমিশনের নির্দেশনা মোতাবেক বাকি কাজ আমরা নির্ধারিত সময়ের আগেই সুসম্পন্ন করতে পারব।”
আরও পড়ুন
