Published : 12 Jul 2026, 10:04 PM
সাতক্ষীরার দেবহাটা উপজেলায় এক নারীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার রাতে উপজেলার চক মোহাম্মাদালীপুর গ্রামের বাড়ি থেকে তার লাশ উদ্ধার করা হয় বলে জানান দেবহাটা থানার ওসি আব্দুল আলীম।
নিহত শাহানারা বেগম (৩৮) সখিপুর ইউনিয়নের ওই গ্রামের মৃত জাহিদ আলমের স্ত্রী।
পুলিশ জানায়, শনিবার রাতে শাহানারাকে তার কক্ষে ঝুলন্ত অবস্থায় দেখতে পান পরিবারের সদস্যরা। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।
পরিবারের বরাতে ওসি আব্দুল আলীম বলেন, কয়েক বছর আগে শাহানারার স্বামী হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। এরপর সংসারের দায়িত্ব সামলাতে তিনি বিদেশে যান এবং সম্প্রতি দেশে ফিরে আসেন।
তবে কী কারণে এ ঘটনা ঘটেছে, তা পরিবারের সদস্যরা জানাতে পারেননি।
ওসি বলেন, আইনি প্রক্রিয়া শেষে লাশ ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।
এ ঘটনায় দেবহাটা থানায় একটি অপমৃত্যুর মামলা (ইউডি) হয়েছে।