ফোন পেয়ে বাড়ি থেকে বের হয়ে লাশ হলেন যুবক
মেহেদী ঢাকায় একটি প্রাইভেট ফার্মে চাকরি করতেন। ছয়মাস আগে তিনি গ্রামের বাড়িতে আসেন।
গোপালগঞ্জ সদর উপজেলায় মোবাইল ফোনে ডেকে নিয়ে এক যুবককে কুপিয়ে ও গলাকেটে হত্যা করা হয়েছে।
বুধবার ভোরে উপজেলার করপাড়া গ্রামের সড়ক থেকে মেহেদী হাসান সাগর নামের ওই যুবকের লাশ উদ্ধার করা হয় বলে সদর উপজেলার বৌলতলী পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. আসাদুজ্জামান টিটো জানান।
নিহত ৩৫ বছর বয়সী মেহেদী হাসান সাগর ওই গ্রামের অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য শাহাদাত হোসেন মোল্লার ছেলে।
স্থানীয়রা জানান, মেহেদী ঢাকায় একটি প্রাইভেট ফার্মে চাকরি করতেন। ছয়মাস আগে তিনি গ্রামের বাড়িতে আসেন। তারপর তিনি বিভিন্ন বিবাদে জড়িয়ে পড়েন।
নিহতের স্ত্রী রূপা বেগম জানান, মঙ্গলবার রাতে মেহেদীর মোবাইল ফোনে একটি কল আসে। তারপর রাত ১টার দিকে সে বাড়ি থেকে বের হয়ে আর ফেরেনি।
পরিদর্শক আসাদুজ্জামান টিটো বলেন, মেহেদী হাসানের ক্ষতবিক্ষত লাশ সড়কে পড়ে থাকতে দেখে এলাকাবাসী জরুরি সেবা- ৯৯৯ এ ফোন করে খবর দেয়। পরে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে তা ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।
“নিহতের গলাকাটা এবং শরীরের বিভিন্ন স্থানে একাধিক কোপের চিহ্ন রয়েছে।”
কে বা কারা কি কারণে তাকে হত্যা করেছে তা তদন্ত করা হচ্ছে বলে পুলিশের এ কর্মকর্তা জানান।
