ঢাকা-আরিচা মহাসড়কে র্যাব-পুলিশের তল্লাশি
“নিয়মিত অভিযানের অংশ হিসেবে এই কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।”
রাজধানীতে বিএনপি-আওয়ামী লীগের মহাসমাবেশের দুই দিন আগে সাভারের ঢাকা-আরিচা মহাসড়কে তল্লাশি চৌকি বসানো হয়েছে।
বৃহস্পতিবার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সংলগ্ন ঢাকা-আরিচা মহাসড়কে র্যাব ও ঢাকা জেলা ট্র্যাফিক পুলিশ যৌথভাবে এ তল্লাশি চালায়।
এ বিষয়ে র্যাব-৪ সিপিসি-২ এর স্কোয়াড কমান্ডার (এএসপি) সাজ্জাদুর রহমান বলেন, “আমাদের নিয়মিত অভিযানের অংশ হিসেবে সকাল থেকে এই কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।”
ওই এলাকায় দেখা যায়, ঢাকাগামী দূরপাল্লার বিভিন্ন যাত্রীবাহী বাস, প্রাইভেটকার, মাইক্রোবাস এমনকি মোটরসাইকেল থামিয়ে তল্লাশি চালাচ্ছে র্যাব ও পুলিশ।
এ সময় পুলিশ যাত্রীদের কাছে তারা কোথায় যাচ্ছেন কিংবা পেশাগত পরিচয় জানতে চান। অনেকের আবার পরিচয়পত্র যাচাই করেও দেখা হয়।
এ ছাড়া যানবাহনের ফিটনেস, বৈধ লাইসেন্স ও হেলমেট ছাড়া মোটরসাইকেল চালকদেরও জিজ্ঞাসাবাদ করতে দেখা যায়।
র্যাব-৪ এর স্কোয়াড কমান্ডার সাজ্জাদুর রহমান বলেন, “যানবাহনের ফিটনেস, লাইসেন্স ও মোটরসাইকেল আরোহীদের যাদের হেলমেট নেই তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ ছাড়া অনেকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।”
ঢাকা জেলা ট্রাফিক পুলিশের তিনজন সার্জেন্ট তল্লাশি অভিযানে সহায়তা করেন বলে জানান তিনি।
