ধর্ষণে গর্ভবতী মাদ্রাসাছাত্রীকে পুড়িয়ে হত্যায় যুবকের যাবজ্জীবন
২০১২ সালের ৭ এপ্রিল শিক্ষার্থীকে (১৩) অপহরণ করে ধর্ষণ করেন নূরুল আমীন।
সাতক্ষীরার কলারোয়া উপজেলায় অষ্টম শ্রেণির মাদ্রাসা ছাত্রীকে অপহরণ করে ধর্ষণ ও পুড়িয়ে হত্যার দায়ে এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।
সোমবার দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালের বিচারক এম জি আযম আসামির অনুপস্থিতিতে এই রায় দেন বলে জানান আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) জহুরুল হায়দার বাবু।
দণ্ডপ্রাপ্ত নূরুল আমীন (২২) কলারোয়া উপজেলার গয়ড়া গ্রামের মৃত আব্দুল গণির ছেলে।
মামলার বরাতে আইনজীবী জানান, ২০১২ সালের ৭ এপ্রিল শিক্ষার্থীকে (১৩) অপহরণ করে ধর্ষণ করেন নূরুল আমীন। পরে ওই কিশোরী গর্ভবতী হয়। পরদিন কিশোরীর বাবা বাদী হয়ে নূরুল আমীনসহ কয়েকজনকে আসামি করে মামলা করেন।
একই বছরের ২৮ অক্টোবর কিশোরীকে পুড়িয়ে হত্যা করে তার মরদেহ পলিথিনে মুড়িয়ে কলারোয়া সীমান্তের হিজলদী চেকপোস্টের পাশে ফেলে দেওয়া হয়।
তখন একটি হত্যা মামলা হলে তদন্তকারী কর্মকর্তা কলারোয়া থানার এসআই গোলাম সরোয়ার ২০১৩ সালের ১৮ অগাস্ট সাতক্ষীরা আদালতে আসামিদের বিরুদ্ধে সম্পূরক অভিযোগপত্র দেন।
পিপি জানান, মামলায় আটজন সাক্ষ্য দিয়েছেন। বিচারক নারী ও শিশু নির্যাতন দমন আইন-২০০০ এর ৭ ধারায় নূরুল আমীনকে ১০ বছর ও একই আইনের ৯/২ ধারায় তাকে যাবজ্জীবন কারাদণ্ডসহ ১০ হাজার টাকা জরিমানা করেছেন।
অর্থ অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। অন্য আসামিদের বেকসুর খালাস দেওয়া হয়েছে বলে জানান আইনজীবী।
