Published : 26 Mar 2026, 01:04 PM
লক্ষ্মীপুর সদরে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের গোলাগুলির ঘটনায় জড়িত আট জনকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ।
বুধবার দিনব্যাপী অভিযানে আটকদেরকে ৫৪ ধারায় গ্রেপ্তার দেখানো হয়েছে বলে বুধবার রাতে জানিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী।
গ্রেপ্তাররা হলেন- দিদারুল ইসলাম মেহেরাজ, আব্দুর রহমান আকাশ, সাজ্জাদ হোসেন রিফাত, আয়ান হোসেন মিলন, আরিফ হোসেন, হৃদয় হোসেন, মো. সাকিব ও মেহেরাজ হোসেন ইমন। তারা দেওপাড়া, লতিফপুর, পশ্চিম লতিফপুর ও পাঁচপাড়া এলাকার বাসিন্দা।
এর আগে মঙ্গলবার রাত ৯টার দিকে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সদর উপজেলার চন্দ্রগঞ্জ পশ্চিম বাজারে আফজাল রোডের মুখে চন্দ্রগঞ্জ ইউনিয়ন বিএনপির কার্যালয়ের সামনে দুই পক্ষের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটে।
এতে এক পথচারী গুলিবিদ্ধ ও একজনকে পিটিয়ে আহত করা হয়।
গুলিবিদ্ধ আব্দুর রহিম (৫৫) শেখপুর গ্রামের শামছুল হকের ছেলে। তিনি পেশায় গাছ ব্যবসায়ী।
অপর আহত সাইফুল ইসলাম মানিক (১৯) চরশাহী ইউনিয়নের পূর্ব জাফরপুর গ্রামের মিজানুর রহমানের ছেলে। তিনি লক্ষ্মীপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, আধিপত্য বিস্তার নিয়ে সোমবার ওই ইউনিয়নের দেওপাড়া গ্রাম ও শেখপুর গ্রামের লোকজনের মধ্যে ঝামেলা হয়। এর জের মঙ্গলবার রাতে দুই পক্ষের মধ্যে এ গোলাগুলির ঘটনা ঘটে।
অতিরিক্ত পুলিশ সুপার রায়হান কাজেমী বলেন, ঘটনার সময় গুলিবিদ্ধ আব্দুর রহিম ঢাকায় চিকিৎসাধীন। তিনি আসলে মামলা হবে।
আগের সংবাদ