Published : 24 Mar 2026, 11:57 PM
লক্ষ্মীপুর সদর উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে এক পথচারী গুলিবিদ্ধ ও একজনকে পিটিয়ে আহত করা হয়।
মঙ্গলবার রাত ৯টার দিকে উপজেলার চন্দ্রগঞ্জ পশ্চিম বাজারে আফজাল রোডের মুখে চন্দ্রগঞ্জ ইউনিয়ন বিএনপির কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে বলে জানান চন্দ্রগঞ্জ থানার ওসি মোরশেদ আলম।
গুলিবিদ্ধ আব্দুর রহিম (৫৫) শেখপুর গ্রামের শামছুল হকের ছেলে। তিনি পেশায় গাছ ব্যবসায়ী। তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
অপর আহত সাইফুল ইসলাম মানিক (১৯) চরশাহী ইউনিয়নের পূর্ব জাফরপুর গ্রামের মিজানুর রহমানের ছেলে। তিনি লক্ষ্মীপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, আধিপত্য বিস্তার নিয়ে সোমবার ওই ইউনিয়নের দেওপাড়া গ্রাম ও শেখপুর গ্রামের লোকজনের মধ্যে ঝামেলা হয়। এর জের এদিন রাতে দুই পক্ষের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটে।
ঘটনার সময় আব্দুর রহিমের বাম পায়ে গুলি লাগে। এ ছাড়া মানিককে এলোপাতাড়ি পিটিয়ে আহত করা হয়। পরে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে সদর হাসপাতালে পাঠায়।
দেওপাড়া গ্রামের নেতৃত্বে ছিলেন রাকিব পাটওয়ারী এবং শেখপুর গ্রামের পক্ষে নেতৃত্ব দেন মিতুল। এর মধ্যে রাকিব হত্যা ও অস্ত্র মামলার আসামি বলে জানিয়েছে পুলিশ।
লক্ষ্মীপুর সদর হাসপাতালের চিকিৎসক সালাম সৌরভ বলেন, আব্দুর রহিমের বাম পায়ে গুলি লেগেছে। তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। আর মানিককে হাসপাতালে ভর্তি রেখে পর্যবেক্ষণে রাখা হয়েছে।
ওসি মোরশেদ আলম বলেন, “গোলাগুলির খবর পেয়েছি। আমি ছুটিতে আছি, বিস্তারিত জানা নেই।”