২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষায় দুজন বহিষ্কার

পরীক্ষায় মোট উপস্থিতির হার ছিল ৯১ দশমিক ১৭ শতাংশ।

রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jan 2026, 09:15 PM

Updated : 26 Aug 2026, 05:35 PM

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ‘এ’ ইউনিটের প্রথম বর্ষের ভর্তি পরীক্ষায় ডিজিটাল ডিভাইস ব্যবহারের অভিযোগে দুই পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।

শনিবার রাজশাহী বিশ্ববিদ্যালয়সহ দেশের পাঁচটি উপকেন্দ্রে একযোগে কলা, আইন, সামাজিক বিজ্ঞান, চারুকলা এবং শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট নিয়ে গঠিত ‘এ’ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হয়।

কলা অনুষদের ডিন ও ‘এ’ ইউনিটের কো-অর্ডিনেটর অধ্যাপক বেলাল হোসেন বলেন, শনিবার সকাল ১১টা থেকে ১২টা এবং বিকাল ৩টা থেকে ৪টা এই দুই শিফটে ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষায় মোট উপস্থিতির হার ছিল ৯১ দশমিক ১৭ শতাংশ। 

এর মধ্যে বহিষ্কৃত দুই পরীক্ষার্থী হলেন- জিএম সরোয়ার ও আনিকা তাসনিম মৌ। 

জিএম সরোয়ার রংপুর অঞ্চলের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় উপকেন্দ্রে প্রথম শিফটে পরীক্ষায় অংশ নেন। পরীক্ষা কেন্দ্রে প্রবেশের সময় তার কাছে একটি মোবাইল ফোন ও একটি পকেট রাউটার পাওয়া যায়।

অপরদিকে আনিকা তাসনিম মৌ রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রে দ্বিতীয় শিফটের পরীক্ষার্থী ছিলেন। পরীক্ষা চলাকালে তার কাছ থেকে একটি মোবাইল ফোন উদ্ধার করা হলে তার পরীক্ষা বাতিল করা হয়।

সার্বিক নিরাপত্তা বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মাহবুবুর রহমান বলেন, “বড় ধরনের কোনো ঘটনা ছাড়াই অত্যন্ত সুষ্ঠু ও সুন্দরভাবে ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা সম্পন্ন হয়েছে। ডিজিটাল ডিভাইস পাওয়ায় দুই পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।”

আগামী ২৪ জানুয়ারি বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত ব্যবসায় শিক্ষা অনুষদভুক্ত ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষার মাধ্যমে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এবারের ভর্তি পরীক্ষা শেষ হবে।

আগের সংবাদ

রাবিতে ভর্তি পরীক্ষায় অসদুপায় অবলম্বন, ৪ পরীক্ষার্থী আটক

রাবির ভর্তি পরীক্ষায় নকলের চেষ্টা, পরীক্ষার্থী আটক

 রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা শুরু