২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা শুরু

রাজশাহী ছাড়াও পাঁচটি বিভাগীয় শহরের আঞ্চলিক কেন্দ্রগুলোতে একযোগে এ পরীক্ষা শুরু হয়েছে।

বিডিনিউজ২৪

‎রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jan 2026, 01:34 PM

Updated : 26 Aug 2026, 05:34 PM

বিজ্ঞান অনুষদ বা ‎‘সি’ ইউনিটের পরীক্ষার মধ্যদিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ২০২৫–২৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা শুরু হয়েছে।

‎শুক্রবার সকাল ১১টায় রাজশাহী ছাড়াও পাঁচটি বিভাগীয় শহরের আঞ্চলিক কেন্দ্রগুলোতে একযোগে এ পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক সালেহ হাসান নকীব। 

দুপুর বারোটায় বিশ্ববিদ্যালয়ের জগদীশচন্দ্র বসু একাডেমিক ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, “দুই শিফটের ভর্তি পরীক্ষায় সকাল ১১টায় শুরু হয়ে ১২টায় প্রথম শিফটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এ শিফটে ৬০ হাজার ৪২১ জন পরীক্ষার্থীর মধ্যে ৯০ শতাংশ পরীক্ষার্থী উপস্থিত ছিলেন।

দ্বিতীয় শিফটের পরীক্ষা বিকাল ৩টায় শুরু হবে জানিয়ে ‎‎উপাচার্য আরও বলেন, “রাজশাহী ছাড়াও ঢাকা, চট্টগ্রাম, খুলনা, রংপুর ও বরিশাল অঞ্চলের নির্ধারিত আঞ্চলিক কেন্দ্রগুলোতে নির্ধারিত সময়েই পরীক্ষা শুরু হয়েছে। এখন পর্যন্ত কোথাও কোনো ধরনের সমস্যা দেখা যায়নি এবং সার্বিক কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালিত হচ্ছে।”

‎নিরাপত্তা বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মাহবুবর রহমান বলেন, “ক্যাম্পাসে ২০০ জন পুলিশ, ৫০ জন গোয়েন্দা সংস্থার সদস্য এবং ৩০০ জন বিএনসিসি, রোভার স্কাউট ও কমিউনিটি পুলিশের শিক্ষার্থীরা মাঠপর্যায়ে দায়িত্ব পালন করছে। একই সঙ্গে প্রতিটি গেটে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল টিম নিয়োজিত রয়েছে, যাতে কোনো ধরনের অনিয়ম বা অসংগতি দেখা দিলে দ্রুত ব্যবস্থা নেওয়া যায়।"

‎‎এ বছরে 'সি' ইউনিটে (বিজ্ঞান অনুষদ) আবেদন পড়েছে ১ লাখ ২৬ হাজার ২২৫টি। তার মধ্যে বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা আবেদন করেছে ১ লাখ ২০ হাজার ৮৩৮ জন এবং অবিজ্ঞান বিভাগের ৫ হাজার ৩৮৭ জন।