১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

রাবিতে ভর্তি পরীক্ষায় অসদুপায় অবলম্বন, ৪ পরীক্ষার্থী আটক

পাঁচটি বিভাগীয় কেন্দ্রে একযোগে ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।

রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jan 2026, 07:56 PM

Updated : 26 Aug 2026, 05:34 PM

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২৬ শিক্ষাবর্ষে স্নাতক প্রথমবর্ষ ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষায় স্মার্টফোন ব্যবহার করে অসদুপায় অবলম্বনের অভিযোগে চারজনকে আটক করেছে প্রশাসন।

শুক্রবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মাহবুবর রহমান বিষয়টি জানিয়েছেন।

এর মধ্যে দিব্য জ্যোতি সাহা ও মো. শামস আজমাইনকে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্র এবং লাবিব বিন মাহবুবকে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্র থেকে আটক করা হয়। এ ছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রে আটক আরেক পরীক্ষার্থীর পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।

অধ্যাপক মাহবুবর রহমান বলেন, “পরীক্ষায় অসৎ উপায় অবলম্বন করার সময় চারজন পরীক্ষার্থীকে জালিয়াতির প্রমাণসহ আটক করা হয়। এর মধ্যে ঢাকায় ডিভাইসসহ আটক দুজনের পরীক্ষা বাতিল করা হয়।

“এ ছাড়া তাদের বিরুদ্ধে প্রতারণার অভিযোগে মামলা করা হবে এবং তদন্ত সাপেক্ষে শাস্তির ব্যবস্থা করা হবে।”

শুক্রবার বেলা ১১টা থেকে ১২টা এবং বেলা ৩টা থেকে ৪টা পর্যন্ত দুই শিফটে রাবির ‘সি’ ইউনিটের (বিজ্ঞান অনুষদ) ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষায় প্রায় ৯০ শতাংশ পরীক্ষার্থী উপস্থিত ছিলেন।

‘সি’ ইউনিটের কো-অর্ডিনেটর অধ্যাপক গোলাম মর্তুজা বলেন, বড় ধরনের কোনো ঘটনা ছাড়াই ভর্তি পরীক্ষা সম্পন্ন হয়েছে। একাধিক আঞ্চলিক কেন্দ্রে মোট প্রায় ৯০ শতাংশ পরীক্ষার্থী উপস্থিত ছিলেন।

দ্বিতীয়বারের মতো রাজশাহী ক্যাম্পাস ছাড়াও ঢাকা, চট্টগ্রাম, খুলনা, রংপুর ও বরিশালের আঞ্চলিক বিভাগীয় কেন্দ্রে একযোগে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। এ বছর চার হাজার ১৭টি আসনের বিপরীতে তিন ইউনিট মিলিয়ে মোট দুই লাখ ৭২ হাজার ৬২৬ জন ভর্তিচ্ছুক লড়ছেন।

এর মধ্যে ‘সি’ ইউনিটে মোট এক লাখ ২৬ হাজার ২২৫ জন আবেদন করেন। এ ইউনিটে আসন সংখ্যা এক হাজার ৫৩৬টি। সেই হিসাবে আসনপ্রতি লড়ছেন ৮২ জন।

রাবির ভর্তি পরীক্ষায় নকলের চেষ্টাপরীক্ষার্থী আটক