১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

বিকল কভার্ডভ্যান মেরামতের সময় আরেক কভার্ডভ্যানের ধাক্কা, নিহত ২

ধাক্কা দেওয়া কভার্ডভ্যানটিকে জব্দ করা গেলেও এর চালক ও সহকারী পালিয়ে গেছে।

কুমিল্লা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Aug 2024, 03:44 PM

Updated : 26 Aug 2026, 09:42 AM

কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় একটি কভার্ডভ্যানের ধাক্কায় আরেকটি কভার্ডভ্যানের চালক ও তার সহকারীর প্রাণ গেছে। 

মঙ্গলবার ভোর ৫টায় উপজেলার কালিকাপুর ইউনিয়নের ছুপুয়া এলাকার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে বলে চৌদ্দগ্রামের মিয়াবাজার হাইওয়ে থানার ওসি এস এম লোকমান হোসাইন জানান। 

নিহতরা হলেন- কুড়িগ্রাম জেলার রাজারহাট থানার ঝিনাইহাট এলাকার বড়গ্রামের বাসিন্দা সাগর (২২) ও তার সহযোগী বেলাল হোসেন (১৮)। 

ওসি লোকমান বলেন, “ছুপুয়া এলাকায় ঢাকাগামী একটি কভার্ডভ্যানের ইঞ্জিন বিকল হয়ে রাস্তায় দাঁড়িয়ে ছিল। এ সময় চালক সাগর ও তার সহকারী আরেকটি কভার্ডভ্যানের সহায়তায় সেটি সচল করার চেষ্টা করছিল। এ সময় পেছন থেকে তৃতীয় একটি কভার্ডভ্যান ওই দুটি কভার্ডভ্যানকে ধাক্কা দেয়। 

“এতে দুই কভার্ডভ্যানের মাঝখানে দাঁড়িয়ে থাকা সাগর ও বেলাল ঘটনাস্থলেই মারা যান। খবর পেয়ে হাইওয়ে পুলিশ ও চৌদ্দগ্রাম ফায়ার সার্ভিসের সদস্যরা মরদেহ দুটি উদ্ধার করে।” 

ধাক্কা দেওয়া কভার্ডভ্যানটি জব্দ করা গেলেও এর চালক ও সহকারী পালিয়ে গেছে বলে জানান ওসি লোকমান হোসাইন। 

মিয়াবাজার হাইওয়ে থানার এসআই আনোয়ারুল ইসলাম বলেন, আইনী প্রক্রিয়া শেষে নিহত কভার্ডভ্যান চালক ও তার সহকারীর মরদেহ তাদের স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।