দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি সন্তোষজনক নয়: মির্জা ফখরুল
“গোটা দেশের মানুষ অপেক্ষা করছে নির্বাচনের জন্য। কিন্তু আইনশৃঙ্খলা পরিস্থিতি যেটা দাঁড়িয়েছে সেটাতে আমি খুব একটা সন্তুষ্ট হতে পারছি না।
দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি ও নির্বাচনের আগে নেতাদের ওপর হামলার বিষয়ে সরকারকে দায়ি করে অসন্তোষ প্রকাশ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল।
তিনি বলেন, “গোটা দেশের মানুষ অপেক্ষা করছে নির্বাচনের জন্য। কিন্তু আইনশৃঙ্খলা পরিস্থিতি যেটা দাঁড়িয়েছে সেটাতে আমি খুব একটা সন্তুষ্ট হতে পারছি না।
“কারণ যে হারে রাজনৈতিক নেতৃবৃন্দকে খুন করা হচ্ছে; বিশেষ করে আমাদের দলের অনেক কয়েকজন নেতাকে হত্যা করা হয়েছে, খুন করা হয়েছে। আমরা এর তীব্র নিন্দা জানিয়েছি, ক্ষোভ জানিয়েছি।”
শুক্রবার সকালে ঠাকুরগাঁও শহরের কালিবাড়ি এলাকার নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ের সময় প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, “নির্বাচনের আগে রাজনৈতিক নেতাদের খুনের ঘটনায় সরকারের তরফ থেকে যে ধরনের একটা কার্যকর ব্যবস্থা- সেটা গ্রহণ করা হয়নি। আমরা আশা করবো সরকার এ ব্যাপারে আরও দায়িত্বশীল ভূমিকা পালন করবেন। সেই সঙ্গে এসব ঘটনার যাতে পুনরাবৃত্তি না ঘটে সে ব্যাপারে তারা আরও সক্রিয় ভূমিকা পালন করবেন।”
উত্তরবঙ্গে তারেক রহমানের সফর প্রসঙ্গে তিনি বলেন, “তিনি আসছেন নিজের দেশে বগুড়াতে, তারপর যাবেন রংপুরে যে জুলাই অভ্যুত্থানে শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করবেন। সেখান থেকে তিনি দিনাজপুরে যাবেন তার নানির কবর জিয়ারত করতে।
“সেখানে থেকে তিনি ঠাকুরগাঁওয়ে আসবেন, কারণ আপনারা জানেন এখানে কয়েকজন শহীদ আছেন সেসব শহীদের কবর জিয়ারত করবেন এবং পরে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় গণদোয়া মাহফিলে তারেক জিয়া অংশ নেবেন। এরপর তিনি পঞ্চগড়ে যাবেন। পঞ্চগড় থেকে তিনি পর্যায়েক্রমে কয়েকটি জেলা ঘুরে ঢাকায় ফিরবেন।”
তিনি বলেন, “এটাকে বলা যেতে পরে তার একটি ব্যক্তিগত শুভেচ্ছা সফর। একইসঙ্গে তার যে দায়িত্ব রয়েছে গণঅভ্যুত্থানে যে সমস্ত শহীদ হয়েছেন তাদের প্রতি শ্রদ্ধা জানানোর, সেটাই তিনি জানাবেন।”
“তারেক রহমান যখন ঢাকায় আসেন তখন নেতাকর্মীসহ লক্ষ লক্ষ সাধারণ মানুষের জমায়েত হয়েছিল তাকে সংবর্ধনা জানাতে। এখন যেহেতু তারেক রহমান গ্রামাঞ্চলে আসছেন সেহেতু স্বাভাবিক ভাবেই নেতাকর্মীরা অনেক বেশি উজ্জীবিত হবেন।”
বিশ্ববিদ্যালয়ের ভোটের প্রভাব জাতীয় সংসদ নির্বাচনে পরবে না মন্তব্য করে মির্জা ফখরুল বলেন, “আরেকটি বিষয়ট যেটা আমি জোড় দিয়ে বলতে চাই-বিশ্ববিদ্যালয়ের নির্বাচন এটা আপনার জাতীয় নির্বাচনে কখনো বা কোনদিনই প্রভাব ফেলেনি। আমরা আশা করি সেভাবে এবারও কোনো প্রভাব ফেলবে না।”
গণভোট প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, “গণভোটে আমরা নিজেরাই-একইদিনে গণভোট ও জাতীয় সংসদ ভোট চেয়েছিলাম, সেভাবেই হয়েছে এবং এই সংসদ নির্বাচনে যে সমস্ত সংস্কারগুলো নিয়ে গণভোট হচ্ছে, সেই সংস্কারগুলো আমরাই বহু আগে ২০১৬ সালে এবং ২০২৩ সালে ৩১ দফার মাধ্যমে সেটা জাতির সামনে প্রস্তাব তুলে ধরেছি।
“সুতরাং সংস্কার তো একটা চলমান প্রক্রিয়া সেটা থাকবে। সেখানে না বলার কোনো কারণ আছে, সেটা আমার মনে হয়না।”
নির্বাচনি প্রচারের সময় এক বিএনপি প্রার্থীর বুলেটপ্রুফ ভেস্ট ব্যবহারের ভিডিও ভাইরাল হওয়ার প্রসঙ্গে মির্জা ফখরুলকে প্রশ্ন করা হলে তিনি বলেন, “যেহেতু কয়েকজনের ওপর আক্রমণ হয়েছে, খুন হয়েছে; সে কারণে হয়তোবা আমাদের বা অন্যান্য রাজনৈতিক দলের নেতা সিকিউরিটির জন্য বুলেটপ্রুফ জ্যাকেট পরছেন বা নিতে পারেন।
“আমি বিএনপির সেক্রেটারি জেনারেল কিন্তু আমার কোনো ভ্যাস্ট নেই বা বুলেটপ্রুফ জ্যাকেট নেই।”
ঠাকুরগাঁও জেলা বিএনপির সাধারণ সম্পাদক পয়গাম আলীসহ বিএনপি ও সহযোগি সংগঠনের নেতাকর্মীরা এ সময় উপস্থিত ছিলেন।
