টাঙ্গাইলে তেলবাহী ট্রাক ডাকাতির ঘটনায় গ্রেপ্তার ২, মালামাল উদ্ধার
গ্রেপ্তারদের কাছ থেকে র্যাবের পোশাক, ওকিটকিসহ বিভিন্ন সরঞ্জাম জব্দ করেছে পুলিশ।
ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে তেলবাহী ট্রাকে ডাকাতির ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে; যাদের আন্তঃজেলা ডাকাত দলের সদস্য বলছে পুলিশ।
এ সময় তাদের কাছ থেকে লুটের অর্ধকোটি টাকার পামওয়েল তেল, ব্যারেল ও ট্রাক জব্দ করা হয়। এ ছাড়া র্যাবের পোশাক, ওকিটকিসহ বিভিন্ন সরঞ্জাম পাওয়া গেছে।
বুধবার দুপুরে গ্রেপ্তারদের পাঁচ দিনের রিমান্ড আবেদন করে আদালতে পাঠানো হয়েছে বলে জানান টাঙ্গাইল জেলা পুলিশ সুপার মিজানুর রহমান।
এর আগে মঙ্গলবার রাতে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানার এসও রোড এলাকা এবং ঢাকার ডেমরা সারুলিয়া থেকে তাদের গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ (ডিবি)।
গ্রেপ্তাররা হলেন- নারায়নগঞ্জের সোনারগাঁও এলাকার রুবেল (৩১) এবং ফেনীর ফুলগাজী উপজেলার মো. মাইনুদ্দিন বাবু (৩৮)।
দুপুরে নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলনে পুলিশ সুপার মিজানুর রহমান বলেন, ২১ জুন নারায়ণগঞ্জের মেঘনা ফ্রেশ ওয়েল মিলস থেকে ৭৫ ড্রাম পাম্প অয়েল নিয়ে একটি ট্রাক নাটোরের উদ্দেশে রওনা হয়।
পথে রাতে যমুনা সেতুর সংযোগ সড়কের চর ভাবলা এলাকায় পৌঁছালে একদল ডাকাত ট্রাকসহ প্রায় ৫৯ লাখ টাকার তেল নিয়ে চলে যায়। ঘটনার পরদিন যমুনা সেতু পূর্ব থানায় মামলা করা হয়।
তিনি বলেন, মামলার পর গোয়েন্দা পুলিশের একটি দল নারায়ণগঞ্জ থেকে রুবেল এবং ঢাকা থেকে বাবুকে গ্রেপ্তার করা হয়। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে লুট করা ট্রাকটি নারায়ণগঞ্জের আড়াইহাজার ও কাঁচপুর ব্রিজ এলাকা থেকে ৭৫টি খালি ড্রাম এবং গাজীপুরের মাওনা এলাকা থেকে প্রায় ১৪ হাজার লিটার তেল উদ্ধার করা হয়।
এ ছাড়াও তাদের কাছ থেকে র্যাবের পাঁচটি পোশাক, দুটি হাতকড়া, দুটি ওকিটকিসহ ডাকাতির বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয় বলে জানান পুলিশ সুপার মিজানুর রহমান।
গ্রেপ্তারদের বিরুদ্ধে বিভিন্ন থানায় হত্যাসহ একাধিক মামলা রয়েছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।
