২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

সাংবাদিক নির্যাতনের বিচার চেয়ে জাহাঙ্গীরনগরে মানববন্ধন

এক মাস আগে এক সাংবাদিককে বিশ্বকবি রবীন্দ্রনাথ হলের গেস্ট রুমে নিয়ে নির্যাতনের অভিযোগ ওঠে।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Sep 2022, 09:04 PM

Updated : 02 Sep 2022, 09:04 PM

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে সাংবাদিক ‘নির্যাতনের’ ঘটনায় দোষীদের বিচারের দাবিতে মানববন্ধন হয়েছে।

শুক্রবার বিকালে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারের সামনের রাস্তায় এ মানববন্ধনে সাংবাদিকরা ছাড়াও সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতাকর্মীরাও অংশ নেন।

এ সময় ২৪ ঘণ্টার মধ্যে বিচার না হলে রোববার বিশ্ববিদ্যালয়ের নতুন প্রশাসনিক ভবন অবরোধ করার ঘোষণা দেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সভাপতি বেলাল হোসেন।

২ অগাস্ট বিশ্ববিদ্যালয়ে কর্মরত এক সাংবাদিককে বিশ্বকবি রবীন্দ্রনাথ হলের গেস্ট রুমে নিয়ে নির্যাতনের অভিযোগ ওঠে। ভুক্তভোগী সাংবাদিক বিশ্ববিদ্যালয়ের জার্নালিজম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। তিনি ক্যারিয়ারটাইসম টোয়েন্টিফোর ডটকমের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি।

পরে ভুক্তভোগী সাংবাদিকের অভিযোগের পরিপ্রেক্ষিতে ৪ অগাস্ট তিন সদস্যবিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠিত হয়। তদন্ত কমিটির প্রতিবেদন জমা দেওয়ার পর ১ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা কমিটির সভায় কোনো সিদ্ধান্ত ছাড়াই সভা শেষ হয়।

শৃঙ্খলা কমিটির অন্যতম বিশ্ববিদ্যালয়ের প্রক্টর আ স ম ফিরোজ-উল-হাসান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “তদন্ত কমিটি যে প্রতিবেদন আমাদের কাছে জমা দিয়েছে সেখানে কোনো ধরনের সুপারিশ করা হয়নি। কে দোষী বা কে নির্দোষ সে ব্যাপারেও প্রতিবেদনে কিছু বলা হয়নি। সুপারিশ না থাকলে শুধুমাত্র অভিযোগকারী আর অভিযুক্তদের বক্তব্যের ওপর নির্ভর করে শৃঙ্খলা কমিটি কোনো সিদ্ধান্ত নিতে পারে না।”

তদন্ত কমিটির সদস্য বিশ্ববিদ্যালয়ের লোক-প্রশাসন বিভাগের সহকারী অধ্যাপক আবু সাইফ মো. তৌহিদুল আনাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমরা যে প্রতিবেদন জমা দিয়েছি সেখান থেকে যাচাই করার সুযোগ ছিলো; কে দোষী বা নির্দোষ। তবে এখানে কিছু ঘাটতি থাকতে পারে, যে জন্য হয়তো শৃঙ্খলা কমিটি সিদ্ধান্তে পৌঁছাতে পারেনি।”

এদিকে আজকের মানববন্ধনে বিশ্ববিদ্যালয়ের কালের কণ্ঠের প্রতিনিধি শুভ আনোয়ার বলেন, “তদন্ত কমিটিতে এমন একজনকে দায়িত্ব দেওয়া হয়েছে যিনি ক্যাম্পাসে থাকেন না। যিনি ক্যাম্পাসেই থাকেন না তিনি কী তদন্ত করবেন; তা আমরা আগেই বুঝেছিলাম। সাংবাদিক নির্যাতনের এই ঘটনার সুষ্ঠু তদন্ত করে তাদের শাস্তির আওতায় নিয়ে আসার জোর দাবি জানাই।”

মানববন্ধনে সংহতি প্রকাশ করে ছাত্র ইউনিয়ন জাবি সংসদের সভাপতি রাকিবুল হক রনি বলেন, “আজকে সাংবাদিকরা যে দাবিগুলো নিয়ে দাঁড়িয়েছে তা আমাদের সকলের দাবি। সাংবাদিকরাই যুগের পর যুগ কলম ধরে লেখনির মাধ্যমে এই দাবিগুলো করে আসছে। কিন্তু আজ তাদেরকে রাস্তায় নামতে হয়েছে। প্রশাসনের অপকর্ম তারা তুলে ধরে; তাদের উপরেই এই প্রশাসনের বা ক্ষমতাসীন সংগঠনদের ক্ষোভ।”

“জাহাঙ্গীরনগরে এক সাংবাদিককে নির্যাতনের এক মাস পার হলেও তদন্ত প্রতিবেদন আমরা দেখতে পেলাম না। অভিযুক্ত প্রত্যেককে বহিষ্কার করতে হবে। সাংবাদিকদের মুক্তমত প্রচারের অধিকার দিতে হবে। সাংবাদিকদের দাবির সাথে আমরা একাত্মতা পোষণ করছি।”

এ সময় বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সমিতির সভাপতি বেলাল হোসেন বলেন, “তদন্ত রিপোর্টের হাস্যকর বিষয় হলো ভুক্তভোগীর বক্তব্য নেই। তদন্ত কমিটি পক্ষপাতমূলক রিপোর্ট দিয়েছে৷ সাংবাদিকরা কি ভেসে এসেছে যে তারা বিচার পাচ্ছেন না? তদন্ত কমিটি প্রহসন করেছে।”

এ সময় চারটি দাবি জানানো হয়। দাবিগুলোর মধ্যে রয়েছে- ২৪ ঘণ্টার মধ্যে অভিযুক্তদের বিচার নিশ্চিত করতে হবে; দায়িত্ব পালনে ব্যর্থ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর হল প্রশাসনকে পদত্যাগ করতে হবে; নিরপেক্ষ তদন্ত না করায় তদন্ত কমিটির গাফিলতি খতিয়ে দেখতে হবে এবং আবাসিক হলসমূহের নিয়ন্ত্রণ প্রশাসনের হাতে নিতে হবে।

মানববন্ধনে আরও বক্তব্য দেন ছাত্র ফ্রন্ট জাবি শাখার সাধারণ সম্পাদক কনোজ কান্তি রায়, ছাত্র অধিকার পরিষদের যু্গ্ম সাধারণ সম্পাদক জহির ফয়সাল, জাহাঙ্গীরনগর সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক সামি আল জাহিদ প্রীতম, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক শাহাদাত সুমন।