২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নারায়ণগঞ্জে নির্মাণাধীন ভবনের ক্রেন ছিঁড়ে ২ শ্রমিক নিহত

দুপুরে ভবনটির লিফটের জন্য মালামাল উঠানোর কাজ করছিলেন কয়েকজন শ্রমিক।

নারায়ণগঞ্জে নির্মাণাধীন ভবনের ক্রেন ছিঁড়ে ২ শ্রমিক নিহত

প্রতীকী ছবি

নারায়ণগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jul 2023, 09:02 PM

Updated : 13 Jul 2023, 09:02 PM

নারায়ণগঞ্জের ফতুল্লায় নির্মাণাধীন ভবনের ক্রেন ছিঁড়ে দুই শ্রমিক নিহত হয়েছেন।

বৃহস্পতিবার দুপুরে ভবনের উপরে মালামাল উঠানোর সময় ক্রেন ছিঁড়ে মালামাল পড়ে এ দুর্ঘটনা ঘটে বলে ফতুল্লা মডেল থানার ওসি নুরে আযম জানান।

নিহতরা হলেন- শহীদ মিয়া (৩৫) ও তোবারক হোসেন (৫০)। তাদের বিস্তারিত পরিচয় জানা যায়নি।

তারা ফতুল্লা এলাকায় ভাড়া বাসায় থাকতেন। শেলটেক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড কনস্ট্রাকশন নামে একটি ঠিকাদারি প্রতিষ্ঠানের অধীনে নির্মাণকাজ করছিলেন তারা।

শ্রমিকদের বরাত দিয়ে পুলিশ জানায়, জালকুড়িতে একটি বহুতল ভবনের নির্মাণকাজ চলছে। দুপুরে ভবনটির লিফটের জন্য মালামাল উঠানোর কাজ করছিলেন কয়েকজন শ্রমিক। এ সময় ক্রেনের তার ছিঁড়ে মালামাল নিচে পড়ে যায়।

এতে ঘটনাস্থলেই নিহত হন তোবারক হোসেন। গুরুতর অবস্থায় শহীদকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান বলে জানান ওসি নুরে আযম।

তিনি আরও বলেন, একজনের মরদেহ ফতুল্লা থানা পুলিশের হেফাজতে আছে। অপরজনের মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে আছে। এই ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

শ্রমিকদের দাবি, ‘সীমান্ত টাওয়ার’ নামে বহুতল ভবনটির মালিক বিজিবি। যদিও এ ব্যাপারে বিজিবির কোনো বক্তব্য পাওয়া যায়নি।