আন্দোলনে সবজি বিক্রেতা নিহত: রংপুরে হত্যা মামলায় চেয়ারম্যান গ্রেপ্তার
১৯ জুলাই বৈষম্যবিরোধী আন্দোলনে রংপুরে মিছিলে অংশ নেওয়া ছাত্র-জনতাকে পানি ও রুটি দিতে গিয়ে গুলিবিদ্ধ হন সাজ্জাদ।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে রংপুর নগরে সবজি বিক্রেতা সাজ্জাদ নিহতের ঘটনায় করা হত্যা মামলায় এক ইউপি চেয়ারম্যানকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার সকালে জেলার গঙ্গাচড়া উপজেলা সদর ইউনিয়ন পরিষদ থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানান গঙ্গাচড়া থানার ওসি মোহাম্মদ আল এমরান।
গ্রেপ্তার মাজহারুল ইসলাম লেবু গঙ্গাচড়া সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদর ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি। তিনি সবজি বিক্রেতা সাজ্জাদ হত্যা মামলার ৪৪ নম্বর আসামি।
মামলায় বলা হয়েছে, ১৯ জুলাই দুপুরে সিটি বাজারের সামনে থেকে ছাত্র-জনতার মিছিল বের হয়। বিকালে সিটি বাজারে কাঁচামাল আড়তে সবজি কিনতে যান সাজ্জাদ।
সেই সময় আন্দোলনকারীদের পানি ও রুটি দিতে গিয়ে গুলিবিদ্ধ হন সাজ্জাদ। পরে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় সাজ্জাদের স্ত্রী জিতু বেগম বাদী হয়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রধান করে ৫৭ জনকে আসামি করে মামলা করেন। সেই মামলায় আওয়ামী লীগ নেতা মাজহারুল ইসলাম লেবুকেও আসামি করা হয়।
এ ছাড়া মামলায় শেখ রেহেনা, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, জাসদের সভাপতি হাসানুল হক ইনু, ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন এবং সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনসহ ৫৭ জনকে আসামি করা হয়।
