১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

‘ফ্যাসিস্টের সঙ্গে ছিলাম, অপরাধবোধ হচ্ছে’, ক্ষমা চেয়ে জাপায় গণপদত্যাগ

নেতাদের দাবি, মতলব দক্ষিণ উপজেলার ১৫১ সদস্যের কমিটির ৯০ ভাগ পদত্যাগ করেছেন।

‘ফ্যাসিস্টের সঙ্গে ছিলাম, অপরাধবোধ হচ্ছে’, ক্ষমা চেয়ে জাপায় গণপদত্যাগ
চাঁদপুর মতলব দক্ষিণ উপজেলার নেতারা সংবাদ সম্মেলন করে গণহারে পদত্যাগের ঘোষণা দেন।

চাঁদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Mar 2025, 04:38 PM

Updated : 26 Aug 2026, 12:02 PM

চাঁদপুর মতলব দক্ষিণ উপজেলা জাতীয় পার্টির নেতাকর্মীরা গণহারে পদত্যাগের ঘোষণা দিয়েছেন।  

সোমবার দুপুরে একটি কমিউনিটি সেন্টারে দলীয় নেতাকর্মীদের নিয়ে উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক ডি এম আলাউদ্দিন এই পদত্যাগের ঘোষণা দেন। 

প্রথমে গণহারে পদত্যাগপত্রে স্বাক্ষর করেন ডি এম আলাউদ্দিন, জাতীয় পার্টির পৌর শাখার সভাপতি মহসিন সরকার, উপজেলা যুব সমিতির সভাপতি বাবুল ফরাজি, নায়েরগাঁও ইউনিয়নের সভাপতি আব্দুল কাদেরসহ নেতাকর্মীরা।

পরে পদত্যাগের বিষয় তুলে ধরে সংবাদ সম্মেলনে ডি এম আলাউদ্দিন বলেন, “জাতীয় পার্টি থেকে পদত্যাগ করার কারণ একটাই, ফ্যাসিস্ট সরকারের আমলে এই দল ফ্যাসিস্ট সরকারকে সমর্থন দিয়েছে। যার কারণে মনে করি, আমরাও অপরাধী। যার কারণে, জনগণের কাছে ক্ষমা চেয়ে পদত্যাগ করছি।” 

উপজেলা কমিটির ১৫১ সদস্যের মধ্যে ৯০ ভাগ নেতাকর্মী পদত্যাগ করেছে দাবি করে সংবাদ সম্মেলনে তিনি বলেন, “আমরা এখন এই অন্তর্বর্তী সরকারকে সমর্থন করি। ছাত্র-জনতার আন্দোলনকে সমর্থন করি। ফ্যাসিস্ট সরকার থাকাকালীন সময়ে উপজেলা জাতীয় পার্টি কখনো গুম-খুন ও রাহাজানির সঙ্গে সম্পৃক্ত ছিল না। তবু জাতীয় পার্টি ফ্যাসিস্ট সরকারকে সমর্থন করেছে। 

“সেই বিবেক থেকে আমরা উপলব্ধি করছি, আমরা অপরাধী। যার কারণে জাতির কাছে ক্ষমা চেয়ে আমরা পদত্যাগ করছি। আমরা যদি নতুন দলে যোগদান করি, তাহলে সবাই একযোগে একসঙ্গে দেশের স্বার্থে-দেশের উন্নয়নে নতুন দলে যোগদান করব।”