লক্ষ্মীপুরে আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষে কিশোর নিহত
মেঘনা নদী থেকে জেগে উঠা খাস জমি দখল নিয়ে দীর্ঘদিন ধরে আওয়ামী লীগের দুই পক্ষের মধ্যে বিরোধ চলছে বলে জানিয়েছে পুলিশ।
খাস জমি দখল এবং আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষে এক কিশোর নিহত হয়েছে। সংঘর্ষে পুলিশসহ অন্তত ১২ জন আহত হয়েছেন।
বুধবার সকালে উপজেলার দক্ষিণ চরবংশী ইউনিয়নের চর কাচিয়া গ্রামের মিয়ার হাট রাহুল ঘাটে এই সংঘর্ষ হয় বলে জানিয়েছেন রায়পুর থানার পরিদর্শক (তদন্ত) জাহাঙ্গীর আলম।
নিহত ১৪ বছর বয়সি রাসেল একই এলাকার চর কাচিয়া গ্রামের মনির হোসেন ভুট্টুর ছেলে এবং স্থানীয় ইউপি সদস্য নজরুল ইসলামের ভাতিজা।
স্থানীয়দের বরাতে পরিদর্শক (তদন্ত) জাহাঙ্গীর আলম বলেন, মেঘনা নদী থেকে জেগে উঠা খাস জমি দখল নিয়ে দীর্ঘদিন ধরে চরবংশী ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক শাহজালাল রাহুল ও আওয়ামী লীগ নেতা ইউপি সদস্য নজরুল ইসলামের মধ্যে বিরোধ চলছে।
এই বিরোধকে কেন্দ্র করে বুধবার সকালে দুই গ্রুপের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে ধারালো অস্ত্রের আঘাতে কিশোর রাসেল গুরুতর আহত হয়।
তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করে বলে জানান লক্ষ্মীপুর সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার মো. আনোয়ার হোসেন।
পরিদর্শক (তদন্ত) জাহাঙ্গীর আলম আরও বলেন, সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে পুলিশ। এ সময় ঘটনার সঙ্গে জড়িত আওয়ামী লীগ নেতা রুহুল আমিনসহ পাঁচজনকে আটক করা হয়েছে।
পরিস্থিতি নিয়ন্ত্রণের সময় তিনিসহ পুলিশের চার সদস্য আহত হয়েছেন।তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
সংঘর্ষের ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলেও জানান পুলিশ কর্মকর্তা জাহাঙ্গীর আলম।
