১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪ আশ্বিন ১৪৩৩

জাবিতে ঢালাইয়ের সময় নির্মাণাধীন মসজিদের ছাদ ধস

ঠিকাদারি প্রতিষ্ঠানের দাবি, এর জন্য দায়ী গত কয়েক দিনের বৃষ্টি।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Aug 2023, 07:29 PM

Updated : 19 Aug 2023, 07:29 PM

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শহীদ সালাম বরকত ও আ ফ ম কামালউদ্দিন হল সংলগ্ন নির্মাণাধীন মসজিদের ছাদ ঢালাইয়ের সময় ধসে পড়েছে।

শনিবার সকাল ৯টার দিকে ঢালাইয়ের কাজ শুরু করার কিছুক্ষণ পরেই এ ঘটনা ঘটে বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান নির্মাণ শ্রমিক নোমান মিয়া।

ছাদ ধসে পড়ার পর কাজ বন্ধ রয়েছে।

ছাদ ধসে পড়ার খবর শুনে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নূরুল আলম, দুই হলের প্রাধ্যক্ষসহ সংশ্লিষ্টরা পরিদর্শনে আসেন।

পরে বিশ্ববিদ্যালয়ে কর্মরত প্রকৌশলীদের উপস্থিতিতে তৎক্ষণাৎ বৈঠকে সম্পূর্ণ ছাদের বিম খুলে নতুন করে লাগানোর সিদ্ধান্ত হয় বলে জানিয়েছেন ঠিকাদারি প্রতিষ্ঠান ফরমিলা আক্তার লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক দাইয়ান বিন শাহজাহান।

ঢালাইয়ের শুরুতেই এভাবে ছাদ ধসে পড়ার কারণ সম্পর্কে তিনি বলেন, “বৃষ্টির কারণে পানি জমে কাঠ ভিজে ছিল। আবার পেরেকের সঙ্গে কাঠের জোড়া লাগানো অংশ ফাঁকা হয়ে থাকতে পারে বলে আমরা ধারণা করছি। এ কারণেই এই ধসে পড়ার ঘটনা ঘটেছে।"

আগে পরীক্ষা না করেই কেন ছাদ ঢালাই দেওয়া হল- এ প্রশ্নে তিনি বলেন, “এই ঘটনা আমাদের ঠিকাদারি প্রতিষ্ঠানের সঙ্গে এই প্রথম ঘটল। এখান থেকে শিক্ষা নিয়ে সামনে কাজ করব।”

কাজের মধ্যে নির্মাণ শ্রমিকদের কোনো গাফিলতি ছিল না বলেও দাবি করেন তিনি।

চাইলে আ ফ ম কামালউদ্দিন হলের প্রাধ্যক্ষ ফিরোজ উল হাসান বলেন, “এতদিনের টানা বৃষ্টির জন্য মূলত এই ঘটনা ঘটেছে। আমরা আবার নতুন করে কাজ শুরু করতে বলেছি।”

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপপ্রধান প্রকৌশলী (পুরকৌশল) আহসান হাবীবের বক্তব্য পায়নি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম। তার ফোন নম্বর বন্ধ ছিল।

উপাচার্য অধ্যাপক নুরুল আলমের সঙ্গেও যোগাযোগ করা যায়নি।