২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ময়মনসিংহে ফিলিং স্টেশনে আগুন: দগ্ধ আরও একজনের মৃত্যু

৪ নভেম্বর অগ্নিকাণ্ডের ঘটনায় এ পর্যন্ত নিহতের সংখ্যা বেড়ে ছয়জনে দাঁড়িয়েছে।

ময়মনসিংহ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Nov 2024, 06:21 PM

Updated : 26 Aug 2026, 10:55 AM

ময়মনসিংহ নগরীর রহমতপুর বাইপাসে আজাহার ফিলিং স্টেশনে অগ্নিকাণ্ডের ঘটনায় দগ্ধ আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়াল ছয়জনে।

বৃহস্পতিবার দুপুরে রাজধানীর জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় বলে জানান ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার এসআই এস এম নুর হোসেন।

নিহত আব্দুল মালেক (৫০) ওই ফিলিং স্টেশন এলাকায় একটি চায়ের দোকানের মালিক ছিলেন।

গত ৪ নভেম্বর অগ্নিকাণ্ডের ঘটনায় দগ্ধদের মধ্যে সুমি আক্তার (৩০) ওই হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

এর আগে এ ঘটনায় হিমেল মুন্সি (২৯), আব্দুল কুদ্দুস (৮০), আবুল হোসেন (৪৫), তোফাজ্জল হোসেন‌ (৪২) এবং কামরুল হাসান (৩৫) মারা যান।

৪ নভেম্বর দুপুরে ময়মনসিংহ সদরের আজাহার ফিলিং স্টেশনে আগুন লাগে। পরে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এতে সাতটি গাড়ি ভস্মীভূত হয়ে যায়।

এসআই নুর হোসেন বলেন, ঘটনার দিন রাতে ময়মনসিংহ থেকে গুরুতর অবস্থায় দগ্ধদের ঢাকা নেওয়া হয়। এর মধ্যে বৃহস্পতিবার দুপুরে চিকিৎসাধীন অবস্থায় আব্দুল মালেক মারা যান।

এ ছাড়া রাজধানীর জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন সুমি আক্তারের শরীরের ৩২ শতাংশ পুড়ে যাওয়ায় তার অবস্থাও আশঙ্কাজনক বলে জানান তিনি।

ঘটনার দুই দিন পর ৬ নভেম্বর দুপুরে প্রাইভেটকার চালক হিমেল মুন্সির মা ইয়াসমিন ওরফে হেনা বাদী হয়ে আজহার ফিলিং স্টেশনের মালিক আজহারসহ ছয়জনকে আসামি করে হত্যা ও বিস্ফোরক আইনে মামলা করেন। 

তবে আসামিরা বর্তমানে জামিনে আছেন বলে জানিয়েছেন মামলার তদন্ত কর্মকর্তা নুর হোসেন।

আরও পড়ুন

ময়মনসিংহে ফিলিং স্টেশনে অগ্নিকাণ্ডে নিহত বেড়ে ৩

ময়মনসিংহে ফিলিং স্টেশনে অগ্নিকাণ্ডে নিহত বেড়ে ২, তদন্তে কমিটি

ময়মনসিংহে ফিলিং স্টেশনে অগ্নিকাণ্ডে নিহত ১, দগ্ধ ৬