২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টঙ্গীতে বসতবাড়িতে আগুন, শিশুর মৃত্যু

আতঙ্কে বসতবাড়ির বিভিন্ন ঘরের লোকজন বাইরে বেরিয়ে এলেও মিরাজ ভেতরে দগ্ধ হয়ে মারা যায়।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Dec 2024, 08:51 AM

Updated : 26 Aug 2026, 11:09 AM

গাজীপুরের টঙ্গীতে বসতবাড়িতে আগুন লেগে এক শিশুর মৃত্যু হয়েছে; পুড়ে গেছে সাতটি টিনশেড ঘর।

মঙ্গলবার রাত সাড়ে ৯টায় টঙ্গীর দত্তপাড়া হাজী মার্কেট এলাকায় লতা বেগমের বাড়িতে এ অগ্নিকাণ্ড ঘটে বলে জানিয়েছে পুলিশ।

মৃত শিশুটির নাম মিরাজ, বয়স ৭ বছর। কুড়িগ্রাম জেলার ভুরুঙ্গামারী থানার মইদাম গ্রামের খোরশেদ আলমের ছেলে সে। 

স্থানীয়রা বলছেন, পেশায় রিকশাচালক খোরশেদ টঙ্গীর ওই বাড়ির একটি ঘরে পরিবার নিয়ে ভাড়া থাকতেন। মঙ্গলবার রাতে দাদির সাথে রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়ে মিরাজ। 

এর মধ্যে ওই বাড়িতে আগুন লাগে এবং তা দ্রুত ছড়িয়ে পড়ে। আতঙ্কে বসতবাড়ির বিভিন্ন ঘরের লোকজন বাইরে বেরিয়ে এলেও মিরাজ ভেতরে দগ্ধ হয়ে মারা যায়।

শুরুতে আশপাশের লোকজন আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালায়। খবর পেয়ে টঙ্গী ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। কিন্তু ততক্ষণে ওই বাড়ির সাতটি ঘর পুড়ে যায়। 

টঙ্গী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. শাহিন আলম বলেন, আগুন নিয়ন্ত্রণে আনতে তাদের প্রায় দেড় ঘণ্টা সময় লাগে। পরে দগ্ধ শিশুটিকে হাসপাতালে পাঠানো হয়। 

সেখানে শিশুটিকে মৃত ঘোষণা করা হয় জানিয়ে টঙ্গী পূর্ব থানার ওসি মুহাম্মদ ফরিদুল ইসলাম বলেন, “আগুনে শিশুর মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”

আগুন লাগার কারণ তাৎক্ষণিকভাবে জানাতে পারেনি ফায়ার সার্ভিস।