২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দিনাজপুর সীমান্তে ২ কৃষককে ধরে নিয়ে গেছে বিএসএফ, দুই ভারতীয় আটক

পতাকা বৈঠকের মাধ্যমে ওই দুই কৃষককে ফেরত আনার প্রক্রিয়া চলছে বলে জানায় বিজিবি।

দিনাজপুর সীমান্তে ২ কৃষককে ধরে নিয়ে গেছে বিএসএফ, দুই ভারতীয় আটক
দিনাজপুরের বিরল উপজেলা সীমান্ত থেকে বিএসএফ বাংলাদেশি দুই কৃষককে ধরে নিয়ে যাওয়ার প্রতিবাদে ভারতীয় দুই নাগরিককে আটক করেছেন সীমান্তের বাসিন্দারা।

দিনাজপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 May 2025, 04:20 PM

Updated : 26 Aug 2026, 12:38 PM

দিনাজপুরের বিরল উপজেলা সীমান্ত থেকে দুই কৃষককে ধরে নিয়ে গেছে বিএসএফ। এ ঘটনার প্রতিবাদে সীমান্তের বাসিন্দারা ভারতীয় দুই নাগরিককে আটক করেছে বলে জানিয়েছে বিজিবি।

শুক্রবার সকাল ১০টা থেকে বেলা ১১টার মধ্যে উপজেলার ধর্মপুর ইউনিয়নের ধর্মজৈন সীমান্তের ৩২১ মেইন পিলারের সাব পিলার ১১-এর কাছে এ ঘটনা ঘটে বলে জানান দিনাজপুর-৪২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আহসান উল ইসলাম।

পতাকা বৈঠকের মাধ্যমে ওই দুই কৃষককে ফেরত আনার প্রক্রিয়া চলছে বলে জানান তিনি। 

বিএসএফের ধরে নিয়ে যাওয়া বাংলাদেশিরা হলেন- ওই এলাকার প্রয়াত এনামুলের ছেলে মাসুদ (২২) ও একই এলাকার ইসরাইলের ছেলে এনামুল (৪৬)।

ধর্মপুর ইউনিয়নের পরিষদের (ইউপি) চেয়ারম্যান নুর ইসলাম বলেন, সীমান্তে জমিতে কাজ করার সময় মাসুদ ও এনামুলকে ধরে নিয়ে যান বিএসএফ সদস্যরা। 

এ ঘটনায় স্থানীয়রা পাল্টা ভারতীয় আদিবাসী নাগরিক অবিনাশ টুডু ও ফিলিপ সরেনকে আটক করে বিজিবি সদস্যদের হাতে তুলে দেয় বলে জানান তিনি।

এ ঘটনা নিরসনে দুই দেশের সীমান্ত রক্ষা বাহিনীর মধ্যে পতাকা বৈঠকের প্রস্তুতি চলছে বলে জানান ইউপি চেয়ারম্যান।