১৭ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

হবিগঞ্জে সাবেক এমপি সুজাতের ওপর হামলা, ছুরিসহ যুবক আটক

হামলার সময় নেতাকর্মীদের প্রতিরোধের মুখে রক্ষা পান বিএনপির জাতীয় নির্বাহী কমিটির এই সদস্য।

হবিগঞ্জে সাবেক এমপি সুজাতের ওপর হামলা, ছুরিসহ যুবক আটক
হবিগঞ্জের নবীগঞ্জে সাবেক সংসদ সদস্য শেখ সুজাত মিয়ার ওপর হামলার ঘটনায় জড়িত সন্দেহে একজনকে আটক করেছে পুলিশ।

হবিগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 May 2025, 07:36 PM

Updated : 26 Aug 2026, 12:37 PM

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় মে দিবসের অনুষ্ঠান শেষ ফেরার পথে সাবেক সংসদ সদস্য শেখ সুজাত মিয়ার ওপর হামলার ঘটনা ঘটেছে। তবে নেতাকর্মীদের প্রতিরোধের মুখে রক্ষা পান তিনি।

এ ঘটনায় তাৎক্ষণিক স্থানীয়দের সহযোগিতায় অভিযান চালিয়ে দেশি অস্ত্রসহ একজনকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার দুপুরে নবীগঞ্জ-হবিগঞ্জ সড়কে উপজেলার তিমিরপুর এলাকায় এ ঘটনা ঘটে বলে জানান নবীগঞ্জ থানার ওসি মো. কামাল হোসেন।

হামলার শিকার শেখ সুজাত মিয়া হবিগঞ্জ-১ আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য।

আটক জামিল মিয়া (৩২) উপজেলার তিমিরপুর গ্রামের প্রয়াত আহমদ মিয়ার ছেলে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, আন্তর্জাতিক মে দিবস উপলক্ষে সকালে নবীগঞ্জ উপজেলা শ্রমিক দলের উদ্যোগে শোভাযাত্রা ও আলোচনা সভায় অংশগ্রহণ করেন সুজাত মিয়া। কর্মসূচি শেষে বাসায় ফিরতে গাড়িতে ওঠার সময় কয়েকজন যুবক দেশি অস্ত্র নিয়ে তার ওপর হামলা চালায়।

এ সময় স্থানীয় নেতাকর্মীদের প্রতিরোধের মুখে হামলাকারীরা পালিয়ে গেলে সুজাত মিয়া রক্ষা পান বলে জানায় পুলিশ। 

খবর পেয়ে স্থানীয়দের সহযোগিতায় হামলাকারী সন্দেহে জামিল মিয়াকে আটক করা হয় বলে জানান ওসি কামাল হোসেন। 

তিনি বলেন, আটক যুবকের কাছ থেকে একটি রামদা ও ছুরি জব্দ করা হয়েছে। এ ঘটনায় অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।