Published : 08 Aug 2023, 04:26 PM
রাজবাড়ীর পাংশা উপজেলায় নির্মাণাধীন একটি সেতু ধসের ঘটনায় তদন্ত শুরু করেছে দুদক।
মঙ্গলবার দুপুরে উপজেলার মাছপাড়া ইউনিয়নের মেঘনা খামার পাড়া এলাকায় সেতুটি পরিদর্শন করেন দুদকের ফরিদপুর জেলা সমন্বিত কার্যালয়ের একটি দল।
দুদক ফরিদপুর জেলা সমন্বিত কার্যালয়ের সহকারী পরিচালক জাকির হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, নিয়ম অনুযায়ী নির্মাণ না করা ও নিম্নমানের সামগ্রী ব্যবহার করায় সেতুটি ভেঙ্গে গেছে এমন অভিযোগে তদন্ত শুরু করেছে দুদক।
“ওয়ার্ক অর্ডার অনুযায়ী ঢালাইয়ের সময় ভালোভাবে সাটারিং না করা এবং স্টিলের মার্ক ব্যবহারের কথা থাকলেও তা করা হয়নি প্রাথমিক তদন্তে এমনটা পাওয়া গেছে।
“সেতুটি কেন ভেঙ্গে গিয়েছিল? এর জন্য দায়ী কে? নিম্নমানের সামগ্রী ব্যবহার করা হয়েছে কি না? সে বিষয়ে তদন্ত চলছে। নিরপেক্ষ প্রকৌশলী দিয়ে এর তদন্ত করা হবে।”
এ সময় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) পাংশা উপজেলা প্রকৌশলী মো. জাকির হোসেন, সহকারী প্রকৌশলী সাইফুর রহমান ও ঠিকাদার মো. দুলাল হাজী উপস্থিত ছিলেন।
এর আগে ৫ জুন রাতে মেঘনা গ্রামে নির্মাণাধীন একটি সেতু ধসে পড়ে। এ ঘটনায় ক্ষুব্ধ এলাকাবাসী ঠিকাদারের প্রতিনিধিকে ধাওয়া ও তার মোটরসাইকেল ভাঙচুর করেন।
স্থানীয়দের অভিযোগ, ঠিকাদার ও ইঞ্জিনিয়ারের গাফিলতি এবং নিম্নমানের উপকরণ দিয়ে কাজ করায় নির্মাণ শেষ হওয়ার আগেই সেতুটি ধসে পড়েছে। সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিরুদ্ধেও তদারকিতে অবহেলার অভিযোগ করেন তারা।
আরও পড়ুন: