পার্থর আসন থেকে সরে দাঁড়ালেন বিএনপি প্রার্থী আলমগীর
ভোলা-১ আসন জোট শরিক বিজেপি প্রার্থী আন্দালিব রহমান পার্থকে ছেড়ে দিয়েছে বিএনপি।
ভোলা-১ আসন থেকে সরে দাঁড়ালেন বিএনপি প্রার্থী গোলাম নবী আলমগীর। এ আসনটি জোট শরিক বিজেপি প্রার্থী আন্দালিব রহমান পার্থকে ছেড়ে দিয়েছে বিএনপি।
সোমবার জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে গিয়ে জেলা বিএনপির আহ্বায়ক আলমগীর আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র প্রত্যাহার করে নেন বলে জানান ভোলা জেলা প্রশাসক শামীম রহমান।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি নেতৃত্বাধীন জোটের সিদ্ধান্ত অনুযায়ী বিজেপির চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থকে চূড়ান্ত মনোনয়ন দেওয়া হয়।
মূলত জোটের ঐক্য বজায় রাখা এবং একক প্রার্থী নিশ্চিত করতে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে আলমগীর তার প্রার্থিতা প্রত্যাহার করে নেন।
জানা গেছে, তফসিল ঘোষণা আগে আন্দালিব রহমান পার্থকে ঢাকা-১৭ আসন থেকে মনোনয়ন দেওয়া হয়েছিল। তবে রাজনৈতিক প্রেক্ষাপট পরিবর্তন এবং তারেক রহমান দেশে ফেরার পর দলের উচ্চপর্যায়ের সিদ্ধান্তে এই পরিবর্তন আনা হয়। ঢাকা-১৭ আসনে প্রার্থী হন তারেক রহমান নিজেই।
এরপর ভোলায় স্থানীয় বিএনপির আন্দোলনের পর শেষ পর্যন্ত পার্থকে ভোলা-১ আসনে জোটের প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়।
সবশেষ বিএনপি নেতা আলমগীরের প্রার্থিতা প্রত্যাহারের মধ্য দিয়ে ভোলা-১ আসনে জোটের অভ্যন্তরীণ দ্বন্দ্বের অবসান ঘটল বলে মনে করছেন স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকরা।
