১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪ আশ্বিন ১৪৩৩

নকলায় ২টি অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিয়েছে প্রশাসন

মেসার্স সেভেন স্টার ব্রিকস ও চমক ব্রিকস ইট ভাটার চিমনি গুঁড়িয়ে দেওয়া হয়।

শেরপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Mar 2025, 11:22 AM

Updated : 26 Aug 2026, 12:02 PM

শেরপুরের নকলায় দুটি অবৈধ ইটভাটায় অভিযান চালিয়ে চিমনি গুঁড়িয়ে দেওয়াসহ সেগুলো বন্ধ করে দিয়েছে প্রশাসন। 

রোববার সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত উপজেলার গৌরদ্বারের ছাতুগাও এলাকায় ‘মেসার্স সেভেন স্টার ব্রিকস’ এবং রুনীগাও এলাকায় ‘মেসার্স চমক ব্রিকস’ এ অভিযান চালানো হয়।

উচ্ছেদ অভিযান পরিচালনা করেন উপজেলা প্রশাসনের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ তাকী তাজওয়ার। এ সময় পরিবেশ অধিদপ্তর, পুলিশ ও বিদ্যুৎ অফিসসহ অন্যরা সার্বিক সহযোগিতায় ছিল।

জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. নূর কুতুবে আলম সিদ্দিক বলেন, হাইকোর্টের আদেশে পরিবেশ দূষণ রোধে অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান চালান তারা। এ সময় মেসার্স সেভেন স্টার ব্রিকস ও চমক ব্রিকস নামের দুটি ইট ভাটার চিমনি গুঁড়িয়ে দেওয়া হয়। একই সঙ্গে ভাটাগুলোর সব কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়।

জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

এ সময় শেরপুর জেলা পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক সুশীল কুমার দাসসহ অন্য কর্মীরা উপস্থিত ছিলেন।

অভিযান পরিচালনায় সেনাবাহিনীর, বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের প্রতিনিধি এবং পুলিশ সদস্যরা সহযোগিতা করেন।