১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

নেত্রকোণায় বাড়ছে নদ-নদীর পানি, বন্যার শঙ্কা

লোকালয়ে পানি না ঢুকলেও বৃষ্টি অব্যাহত থাকায় বন্যার আশঙ্কা বৃদ্ধি পেয়েছে বলে জানিয়েছেন জেলা প্রশাসক।

নেত্রকোণা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jun 2024, 04:50 PM

Updated : 26 Aug 2026, 09:48 AM

নেত্রকোণায় বৃষ্টি আর উজানের ঢলে প্রধান কয়েকটি নদ-নদীর পানি বেড়ে চলেছে। এরমধ্যে উব্ধাখালি নদীর পানি বিপৎসীমার উপর দিয়ে বইছে। এতে ওই অঞ্চলে বন্যার শঙ্কা দেখা দিয়েছে। 

মঙ্গলবার সকাল ৯টা নাগাদ উব্ধাখালি নদীর পানি কলমাকান্দা পয়েন্টে বিপৎসীমার ২২ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। 

লোকালয়ে এখনও পানি না ঢুকলেও বৃষ্টি অব্যাহত থাকায় বন্যার আশঙ্কা বৃদ্ধি পেয়েছে বলে জানিয়েছেন জেলা প্রশাসক শাহেদ পারভেজ। 

জেলা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. সারওয়ার জাহান জানান, জেলার প্রধান নদী উব্ধাখালি ছাড়াও কংশ, সোমেশ্বরী ও ধনু নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। 

উব্ধাখালি নদীর পানি বিপৎসীমা ছাড়িয়ে ২২ সেন্টিমটার উপর দিয়ে বইছে। কংশ নদের পানি জারিয়া পয়েন্টে বিপৎসীমার মাত্র ৬০ সেন্টিমিটার নিচ দিয়ে বইছে। 

এ ছাড়া জেলার হাওরাঞ্চলের মাঝ দিয়ে বয়ে যাওয়া ধনু নদের পানি খালিয়াজুরী পয়েন্টে বৃদ্ধি পেয়ে বিপৎসীমার ৯৩ সেন্টিমিটার ও পাহাড়ি নদী সোমেশ্বরীর পানি বেড়ে দুর্গাপুর পয়েন্টে বিপৎসীমার ১ দশমিক ৪২ মিটার এবং বিজয়পুর পয়েন্টে ৪ দশমিক ১১ মিটার নিচ দিয়ে বইছে। 

জেলা প্রশাসক শাহেদ পারভেজ বলেছেন, এখন পর্যন্ত বাড়ি-ঘরে পানি ঢোকেনি। তেমনভাবে নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার খবর নেই। তবে বন্যার আশঙ্কায় তা মোকাবেলার জন্য সার্বিক প্রস্তুতি নেওয়া হয়েছে। ওপর মহলে জানানো হয়েছে। কলমাকান্দা উপজেলা প্রশাসনকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। শুকনো খাবার প্রস্তুত রাখাসহ প্রশাসন সতর্ক রয়েছে।