নতুন সরকার গড়ে প্রধানমন্ত্রীর প্রথম সফর গোপালগঞ্জে
প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে জেলায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে বলে জেলা প্রশাসক জানিয়েছেন।
টানা চতুর্থবার সরকার গঠনের পর দুদিনের সফরে শনিবার গোপালগঞ্জে যাচ্ছেন আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সকালে ঢাকা থেকে সড়কপথে গোপালগঞ্জে রওনা হওয়ার কথা রয়েছে তার। এ সফরে প্রধানমন্ত্রী নিজ নির্বাচনি এলাকা গোপালগঞ্জ-৩ আসনের টুঙ্গিপাড়া ও কোটালীপাড়া উপজেলার নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করবেন বলে দল ও প্রশাসন থেকে জানানো হয়েছে।
ভোটে জয়ের পর প্রথমবার তার সফর ঘিরে স্থানীয় নেতাকর্মীদের মধ্যে বইছে খুশির জোয়ার। পুরো জেলায় নিরাপত্তা জোরদার করা হয়েছে বলে জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলম জানিয়েছেন।
তিনি বলেন, “প্রধানমন্ত্রী ১৩ ও ১৪ জানুযারি দুদিনের সফরে এসে জাতির পিতার সমাধিসৌধে শ্রদ্ধা নিবেদন করবেন। এছাড়া তিনি টুঙ্গিপাড়া ও কোটালীপাড়ায় দলীয় নেতাকর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন।”
আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা গোপালগঞ্জ-৩ (টুঙ্গিপাড়া-কোটালীপাড়া) আসন থেকে অষ্টমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন।
টুঙ্গিপাড়া পৌরসভার মেয়র শেখ তোজাম্মেল হক টুটুল বলেন, “প্রধানমন্ত্রীর নিজ নির্বাচনি এলাকা টুঙ্গিপাড়া ও কোটালীপাড়ার ভোটারা তাকে স্বতঃস্ফূর্তভাবে ভোট দিয়েছেন। বিপুল ভোটে সংসদ সদস্য নির্বাচিত হয়ে পঞ্চমবারের মত প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন। তাই তিনি ভোটারদের প্রতি কৃতজ্ঞতা জানবেন। নেতাকর্মী ও সাধারণ মানুষও প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানাবেন।”
টুটুল জানান, সফরের প্রথম দিন সকালে সড়ক পথে টুঙ্গিপাড়া পৌঁছে প্রথমে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানাবেন প্রধানমন্ত্রী। পরে নবগঠিত মন্ত্রী পরিষদের সদস্যদের নিয়ে তিনি জাতির পিতার সমাধিসৌধে শ্রদ্ধা নিবেদন করবেন। এ সময় পরিবারের সদস্যরাও তার সঙ্গে থাকবেন।
বিকেলে টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন। রাতে থাকবেন টুঙ্গিপাড়ায় নিজ বাসভবনে। পরদিন রোববার বিকালে কোটালীপাড়া উপজেলা পরিষদ চত্বরে আওয়ামী লীগ নেতাকর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন। শুভেচ্ছা বিনিময় শেষে ওইদিনই সড়ক পথে প্রধানমন্ত্রী ঢাকায় ফিরবেন।
টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. বাবুল শেখ বলেন, “প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার জনগণের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করতে আসছেন। প্রধানমন্ত্রীর সফর ঘিরে তার নির্বাচনি এলাকার নেতাকর্মীদের মধ্যে আনন্দের বন্যা বইছে। তাকে শুভেচ্ছা জানাতে সবাই অধীর আগ্রহে অপেক্ষা করছেন।”
কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আয়নাল হোসেন শেখ বলেন, “উপজেলা পরিষদের সামনে মঞ্চ ও প্যান্ডেল তৈরির কাজ শেষ হয়েছে। এখানেই প্রধানমন্ত্রী নেতাকর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন।”
গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জি এম সাহাব উদ্দিন আজম বলেছেন, “প্রধানমন্ত্রী আসবেন, তাই পুরো জেলায় উৎসবের আমেজ বিরাজ করছে। নেতাকর্মীরা মুখিয়ে রয়েছেন তাকে একনজর দেখার জন্য।”
সবশেষ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে দুদিনের সফরে নিজের নির্বাচনি এলাকা গোপালগঞ্জে গিয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
গত ৭ জানুয়ারির নির্বাচনে ২৯৮ আসনের মধ্যে ২২২টিতে জিতে টানা চতুর্থবারের মতো সরকার গঠন করে আওয়ামী লীগ।
বৃহস্পতিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে নতুন মন্ত্রিসভা শপথও নিয়েছে, যেখানে ২৫ জন মন্ত্রী ও ১১ জন প্রতিমন্ত্রী রয়েছেন।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৫৪ সালে গোপালগঞ্জ-৩ আসন থেকে যুক্তফ্রন্ট মনোনীত প্রার্থী হিসেবে নির্বাচন করে নির্বাচিত হন। ১৯৮৬ সাল থেকে টুঙ্গিপাড়া-কোটালীপাড়া আসনে নির্বাচন করে শেখ হাসিনা এর আগে সাতবার সংসদ সদস্য নিরর্বাচিত হন।
