২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

মাদারীপুরে চিকিৎসকের অবহেলায় প্রসূতি মৃত্যুর অভিযোগ, হাসপাতালে ভাঙচুর

দায়িত্বপ্রাপ্ত চিকিৎসকের দাবি, “অতিরিক্ত রক্তক্ষরণ হওয়ায় প্রসূতিকে জেলা সদর হাসপাতালে পাঠানো হয়। আমাদের হাসপাতালে তো সে মারা যায়নি।”

মাদারীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Dec 2023, 10:46 PM

Updated : 14 Dec 2023, 10:46 PM

মাদারীপুরে চিকিৎসকের অবহেলায় প্রসূতি মৃত্যুর অভিযোগ এনে শহরের মা ও শিশু কল্যাণ কেন্দ্রে ভাঙচুরের ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে। নিহত লাকী আক্তার মাদারীপুর শহরের শান্তিনগর এলাকার মন্টু বেপারীর স্ত্রী।

স্বজনরা জানান, গত বুধবার রাত সাড়ে ১১টার দিকে শহরের মা ও শিশু কল্যাণ কেন্দ্র-মাতৃমঙ্গলে ভর্তি করানো হয় ৩২ বছর বয়সি লাকী আক্তারকে।

এর কিছু সময় পর মাতৃমঙ্গলের পরিবার পরিকল্পনা পরিদর্শক তাছলিমা বেগম প্রসূতির স্বাভাবিক ডেলিভারি করেন। তখন প্রসূতির অবস্থা গুরুতর হওয়ায় দায়িত্বপ্রাপ্ত চিকিৎসা কর্মকর্তা আমেনা খাতুনকে বিষয়টি ফোনে জানান তাছলিমা।

স্বজনদের দাবি, আমেনা খাতুন হাসপাতালে না এসেই ফোনে লাকীকে সদর হাসপাতালে পাঠানোর নির্দেশ দেন। তড়িঘড়ি করে পাশের ২৫০ শয্যার জেলা সদর হাসপাতালে নেওয়া হলে সেখান থেকে প্রসূতিকে ফরিদপুরে পাঠান চিকিৎসকরা। তবে পথেই লাকীর মৃত্যু হয় বলে দাবি স্বজনদের।

এদিকে, ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যুর অভিযোগ ও বিচারের দাবিতে বৃহস্পতিবার বেলা ১১টার দিকে মা ও শিশু কল্যাণ কেন্দ্রের সামনে বিক্ষোভ করেন স্বজনরা।

এ সময় উত্তেজিত হয়ে এক পর্যায়ে বিক্ষুব্ধরা হাসপাতালের ভেতরে হামলা ও ভাঙচুর চালান।

খবর পেয়ে সদর থানা পুলিশের পাশাপাশি জেলার গোয়েন্দা পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

লাকী আক্তারের স্বামী মন্টু বেপারী বলেন, “আমার স্ত্রী প্রসবের পর পেটের নাড়িভুরি সব বের করে ফেলে। এতে আমার স্ত্রীর অনেক রক্তক্ষরণ হয় এবং মারা যান।

এখন আমার ছোট ছোট সন্তানদের কী হবে? আমি এ ঘটনার বিচার চাই।”

মাতৃমঙ্গলের অতিরিক্ত দায়িত্বে থাকা চিকিৎসক আমেনা খাতুনের দাবি, তারা ভুল চিকিৎসা করেননি, সঠিক চিকিৎসাই দেওয়া হয়েছে।

মৃত্যুর কারণ জানার প্রশ্নে তিনি বলেন, “নরমাল ডেলিভারি করতে গিয়ে অতিরিক্ত রক্তক্ষরণ হওয়ায় তাকে জেলা সদর হাসপাতালে পাঠানো হয়। আমাদের হাসপাতালে তো সে মারা যায়নি। এই প্রশ্ন আপনি সদর হাসপাতালের কর্তৃপক্ষকে বলতে পারেন। আমাদের কোনো ভুল চিকিৎসা হয়নি।”

মাদারীপুর সদর মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. সেলিম সরদার জানান, এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।