জয়পুরহাট পৌরসভার প্রায় ৬৬ কোটি টাকার বাজেট ঘোষণা
বাজেটে দেখানো আয়ের খাতগুলো হলো আবাসিক ও বাণিজ্যিক কর, সব ধরনের লাইসেন্স ফি, হাট-বাজার, গণশৌচাগার ইজারা ইত্যাদি।
জয়পুরহাট পৌরসভার ২০২৩-২০২৪ অর্থবছরের বাজেট ঘোষণা করা হয়েছে।
সোমবার দুপুরে পৌর মিলনায়তনে আলোচনা সভা শেষে সর্বসম্মতিক্রমে ৬৫ কোটি ৯৯ লাখ ৩১ হাজার ৬৩৩ টাকার বাজেট ঘোষণা করা হয়। এর মধ্যে রাজস্ব আয় ধরা হয়েছে ১৩ কোটি ৪৮ লাখ ৩১ হাজার ৬৩৩ টাকা ও উন্নয়ন (প্রকল্পসহ) আয় ধরা হয়েছে ৫২ কোটি ৫১ লাখ টাকা।
বাজেট ঘোষণার প্রথম পর্বের অনুষ্ঠান উদ্বোধন করেন পৌর মেয়র মোস্তাফিজুর রহমন মোস্তাক।
পরে প্যানেল মেয়র ইকবাল ইকবাল হোসেন সাবু’র সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন পৌর নির্বাহী কর্মকর্তা মোস্তাফিজুর রহমান, জয়পুরহাট পৌরসভার প্রশাসনিক কর্মকর্তা সাজ্জাদুর রহমান রতন, হিসাবরক্ষণ কর্মকর্তা মোস্তা হাসান বাবু ও হিসাব রক্ষক জুলফিকার আলী লেবু।
বাজেটে আয়ের যে খাত দেখানো হয়েছে তার মধ্যে আবাসিক বা হোল্ডিং ও বাণিজ্যিক কর, সব ধরনের লাইসেন্স ফি, হাট-বাজার, গণশৌচাগার ইজারা, বিভিন্ন পারিবারিক মামলার ফি, স্বাস্থ্যখাতে অনুদান গ্রহণ ইত্যাদি উল্লেখযোগ্য।
কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতা, বিদ্যুৎ ও জ্বালানি বিল, মোটর যান যন্ত্রাংশ ক্রয় ও মেরামত, মুক্তিযোদ্ধা কল্যাণ তহবিলে অর্থ প্রদান, চিকিৎসা সেবা, আর্থিক অনুদান ইত্যাদিকে ব্যয়ের খাত দেখানো হয়েছে।
আলোচনায় বক্তারা বলেন, বিভিন্ন খাত থেকে প্রাপ্ত আয়ের সমস্ত অর্থ পৌর তহবিলে জমা হলে এসব ব্যয়ের খাতগুলোয় খরচ নির্বাহ সম্ভব হবে।
পৌর মেয়র মোস্তাফিজুর রহমান মোস্তাক বলেন, “গত অর্থবছরের বাজেটের মতো সবার সহযোগিতায় এ বাজেটেরও সফল বাস্তায়ন সম্ভব হবে বলে আশা করছি।”
এ সময় অন্যান্যের মধ্যে লোকাল হেলথ সিস্টেম সাস্টেইনেবিলিটির আঞ্চলিক সমন্বয়কারী জাকির হোসেন, পৌরসভা সার্ভিস অ্যাসোসিয়েশনের রাজশাহী বিভাগের সভাপতি মাহমুদুল ইসলাম, জয়পুরহাট পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলরসহ বিভিন্ন ধর্মীয়, সামাজিক, সাংস্কৃতিক, পেশাজীবী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।
