বিএনপির ‘গায়ের বল’ দেখতে চান ওবায়দুল কাদের
বিএনপিকে আর ‘ছাড়’ না দেওয়ার হুঁশিয়ারিও দিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।
বিএনপিকে আর ‘ছাড়’ না দেওয়ার হুঁশিয়ারি দিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, “হাতে আর সময় নেই, বিএনপির ছাড় নেই। দেখি, কার কত গায়ে বল!”
শুক্রবার বিকালে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার কাঁচপুরে জেলা আওয়ামী লীগের ‘উন্নয়ন ও শান্তি সমাবেশে’ তিনি এ বক্তব্য দেন।
বক্তব্যের শুরুতে আলোচিত ‘খেলা হবে’ স্লোগান ধরেন আওয়ামী লীগের এই নেতা।
ওবায়দুল কদের বলেন, “এখন কোয়ার্টার ফাইনাল, তারপর সেমিফাইনাল, জানুয়ারিতে ফাইনাল। খেলা হবে, ভোট চুরির বিরুদ্ধে, আগুন সন্ত্রাসের বিরুদ্ধে, ভোট চোরের বিরুদ্ধে।”
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্যের সমালোচনা করে ওবায়দুল কাদের বলেন, “ফখরুল সাহেব পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র বন্ধ করে দিতে বলেন। তাহলে এত টাকা দিয়ে শেখ হাসিনা যে ইউরেনিয়াম আনল, সেইটা কী করব? এগুলো ফখরুল আর মঈন খানের মাথায় ঢালবে?”
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরও বলেন, “মির্জা ফখরুল নাকি ঢাকা অচল করে দেবে? এই জনতাই যথেষ্ট বিএনপিকে অচল করে দিতে। খুনি, দুর্নীতিবাজ, অর্থপাচারকারী, নারীলোভী পার্টির হাতে বাংলাদেশের ক্ষমতা দেবেন না।”
বিএনপিকে উদ্দেশ করে তিনি বলেন, “তোমরা কম্প্রোমাইজের লোক না। তোমরা আমাদের শত্রু ভাব, আমরা কেন বন্ধুত্ব রাখব? বিএনপি আওয়ামী লীগকে শত্রু ভাবে আর আমরা তাদের প্রতিপক্ষ ভাবতাম। সুতরাং শত্রুর সাথে কোনো কম্প্রোমাইজ করব না। তোমরা আন্দোলন করবা, আগুন নিয়ে আসবা, হাত পুড়িয়ে ফেলব। লাঠি নিয়ে আসবা, হাত ভেঙে দেব। তোমাদের সাথে আর কম্প্রোমাইজ না।
“বড়লোকের বাড়ির সামনে কুকুর রাখে আর লিখে রাখে, ‘কুকুর থেকে সাবধান!’ আপনাদেরও বলছি- বিএনপি থেকে সাবধান!”
ক্ষমতায় যাওয়ার জন্য বিএনপি নানা জায়গায় ঘোরাঘুরি করছে মন্তব্য করে ওবায়দুল কাদের বলেন, “মার্কিন যুক্তরাষ্ট্র তত্ত্বাবধায়ক সরকারের কথা, শেখ হাসিনার পদত্যাগের কথা বলে না। তাহলে কীসের ওপর ভিত্তি করে তোমরা ঘোরাঘুরি করছ?
সরকার দলীয় এ নেতা বলেন, “পিটার হাসের সাথে দেখা করে বেরিয়ে এসে মির্জা ফখরুল বলেছেন, ‘এই সরকারের সময় শেষ’।
“কিন্তু এ সরকারের সময় শেষ হয় নাই, সময় শেষ হইছে ফখরুলের। তত্ত্বাবধায়ক সরকার মরে ভূত হয়ে গেছে। এ ভূত মাথা থেকে নামান।”
শেখ হাসিনা দায়িত্বে থাকলে দেশে বিদ্যমান সংকট ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি থাকবে না বলেও আশ্বাস দেন আওয়ামী লীগের এ নেতা।
তিনি বলেন, “শেখ হাসিনা আছেন, তিনি মানুষের জন্য ভাবেন। আমরা শুধু খাম্বা না, বিদ্যুৎ দিয়েছি। চারদিকে এখন আলো আর আলো। এই আলো অন্ধকার হয়ে যাবে, যদি শেখ হাসিনা না থাকেন।”
নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাইয়ের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য দেন দলের সভাপতিমণ্ডলীর সদস্য সাপস সদস্য জাহাঙ্গীর কবির নানক, সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, কামাল হোসেন, নারায়ণগঞ্জ ১ আসনের সংসদ সদস্য, বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী, নারায়ণগঞ্জ ২ আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম বাবু, নারায়ণগঞ্জ ৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমান, যুবলীগের সাধারণ সম্পাদক মাঈনুল হোসেন খান নিখিল।
