২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

পোশাক শ্রমিকের ন্যূনতম বেতন ২৫ হাজারের দাবিতে নারায়ণগঞ্জে সমাবেশ

সরকারের উদাসীনতা আরও একটি শ্রমিক বিদ্রোহের সৃষ্টি করবে বলে হুঁশিয়ারি দেন শ্রমিক নেতারা।

পোশাক শ্রমিকের ন্যূনতম বেতন ২৫ হাজারের দাবিতে নারায়ণগঞ্জে সমাবেশ

বিকালে নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সামনে সমাবেশ।

নারায়ণগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Apr 2023, 12:02 AM

Updated : 01 Apr 2023, 12:02 AM

ন্যূনতম বেতন ২৫ হাজার টাকা করার দাবিতে নারায়ণগঞ্জে সমাবেশ করেছে পোশাক শ্রমিকরা। 

সমাবেশে পূর্ণাঙ্গ রেশনিং ও ৬০ শতাংশ মহার্ঘ্য ভাতার দাবিও জানায় পোশাক শ্রমিকদের সংগঠন গার্মেন্টস শ্রমিক অধিকার আন্দোলন ও গার্মেন্ট শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্র।

শুক্রবার বিকালে নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সামনে সমাবেশে সংগঠনের নেতারা এসব দাবি জানান।

তারা আরও বলেন, সোয়েটারের পিস রেটসহ সব গ্রেডে একই হারে মজুরি বৃদ্ধি করতে হবে। অবাধ ট্রেড ইউনিয়ন অধিকার নিশ্চিত করতে হবে। ছাঁটাই, নির্যাতন বন্ধ করতে হবে। শ্রমিকদের জন্য রেশন ও আবাসনের ব্যবস্থা করতে হবে।

তারা বলেন, দ্রব্যমূল্য বৃদ্ধি পাওয়ায় বর্তমান মজুরি দিয়ে পোশাক শ্রমিকদের জীবন ধারণ কঠিন হয়ে পড়েছে।  

২০১৮ সালে পোশাক শ্রমিকদের জন্য সর্বশেষ ঘোষিত ন্যূনতম মজুরি সে সময়ের প্রেক্ষাপটে বাজারদরের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ ছিল না বলেও অভিযোগ শ্রমিকদের।

সমাবেশে বক্তারা বলেন, তখনও গার্মেন্টস শ্রমিকদের ঠকানো হয়েছে। গত কয়েক বছরে জিনিসপত্রের দাম, বাড়িভাড়া বহুগুণ বৃদ্ধি পেয়েছে। শ্রমিকরা বর্তমান পরিস্থিতিতে এক চরম অবস্থায় দিন যাপন করছে। এ অবস্থায় বিদ্যমান মজুরি দিয়ে দেশের পোশাক শিল্পের শ্রমিকদের পক্ষে জীবন ধারণ করা সম্ভব হচ্ছে না।

পরিস্থিতি বিবেচনায় পোশাক কারখানার শ্রমিকদের নূন্যতম মজুরি ২৫ হাজার টাকা নির্ধারণ ও অবিলম্বে মজুরি বোর্ড গঠনের দাবি জানান তারা।

বক্তারা বলেন, দ্রুত মজুরি বোর্ড গঠন করে গার্মেন্ট শ্রমিকদের মজুরি বৃদ্ধি না করলে শ্রমিকদের পুঞ্জিভূত ক্ষোভ নিয়মতান্ত্রিক বিক্ষোভে সীমাবদ্ধ থাকবে না। সরকারের উদাসীনতা আরও একটি শ্রমিক বিদ্রোহের সৃষ্টি করবে।

সমাবেশে শ্রমিক নেতা দুলাল সাহার সভাপতিত্বে বক্তব্য দেন গার্মেন্ট শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সভাপতি অ্যাডভোকেট মন্টু ঘোষ, বাংলাদেশ টেক্সটাইল গার্মেন্টস ওয়ার্কার্স ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি অ্যাডভোকেট মাহবুবুর রহমান ইসমাইল, গার্মেন্টস শ্রমিক সংহতির জেলা সভাপতি অঞ্জন দাস, বিপ্লবী গার্মেন্ট শ্রমিক সংহতির সভাপতি মাহমুদ হোসেন, গার্মেন্ট শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সাদেকুর রহমান শামীম, গার্মেন্টস শ্রমিক ঐক্য ফোরামের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম সবুজ৷

সমাবেশ শেষে শহরের বঙ্গবন্ধু সড়কে বিক্ষোভ মিছিল করেন তারা৷