২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নড়াইলে ‘জমি নিয়ে বিরোধে’ কৃষককে কুপিয়ে হত্যা

এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ।

নড়াইলে ‘জমি নিয়ে বিরোধে’ কৃষককে কুপিয়ে হত্যা

নড়াইলের লোহাগড়ায় নিহতের স্বজনদের আহাজারি।

নড়াইল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jan 2024, 06:19 PM

Updated : 13 Jan 2024, 06:18 PM

নড়াইলের লোহাগড়া উপজেলায় জমি নিয়ে বিরোধের জেরে এক কৃষককে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার ভাতিজাদের বিরুদ্ধে। 

শনিবার সকালে উপজেলার দিঘলিয়া ইউনিয়নের চরদিঘলিয়া গ্রামে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন লোহাগড়া থানার পরিদর্শক (তদন্ত) আবদুল্লাহ আল মামুন। 

নিহত ওলিয়ার মোল্যা (৬০) ওই গ্রামের প্রয়াত আব্দুর রাজ্জাক মোল্যার ছেলে। 

স্থানীয়দের বরাতে পুলিশ পরিদর্শক মামুন বলেন, জমি নিয়ে দীর্ঘদিন ধরে ওলিয়ার মোল্যার সঙ্গে তার চাচাত ভাই রোকনউদ্দিন মোল্যার বিরোধ চলে আসছিল।

“শনিবার সকালে বিরোধপূর্ণ জমিতে চাষ করতে যান ওলিয়ার। এ সময় রোকউদ্দিনের ছেলেরা দলবল নিয়ে ওলিয়ারকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করে পালিয়ে যান।” 

ওলিয়ারের স্ত্রী আছমা বেগম বলেন, “সকালে বাড়ি থেকে বিলে কাজের জন্য যাবার পথে ২০ থেকে ২৩ জন আমার স্বামীকে কুপিয়ে ও পিটিয়ে খুন করেছে।”

প্রধানমন্ত্রীর কাছে স্বামী হত্যার বিচার চেয়েছেন আসমা বেগম। 

খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নড়াইল সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। 

পুলিশ পরিদর্শক মামুন বলেন, খুনের ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। তবে এখন পর্যন্ত কেউ থানায় মামলা করেনি।