২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টাঙ্গাইলে র‌্যাব কর্মকর্তাকে ছুরিকাঘাত, ৩ জনের কারাদণ্ড

বেআইনি অস্ত্র উদ্ধার অভিযানে যাওয়া মেজর মাহফুজুল হককে ছুরিকাঘাত করেন আসামিরা।

টাঙ্গাইলে র‌্যাব কর্মকর্তাকে ছুরিকাঘাত, ৩ জনের কারাদণ্ড

টাঙ্গাইলের চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্ট

টাঙ্গাইল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jun 2023, 11:42 PM

Updated : 12 Jun 2023, 11:42 PM

টাঙ্গাইলে র‌্যাব কর্মকর্তাকে ছুরিকাঘাতের মামলায় দুজনকে পাঁচ বছর এবং একজনকে তিন বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত।

সোমবার টাঙ্গাইলের জ্যেষ্ঠ বিচারিক হাকিম সাউদ হাসান আসামিদের উপস্থিতিতে এই রায় ঘোষণা করেন বলে সরকারি কৌঁসুলি (পিপি) এস আকবর খান জানান।

পাঁচ বছর সাজাপ্রাপ্তরা হলেন গোপালপুর উপজেলার সেনের মাকুল্যা গ্রামের বাবুল শেখ ও কালাম। তিন বছর সাজাপ্রাপ্ত সবুজও ওই এলাকার বাসিন্দা।

মামলার বরাত দিয়ে পিপি আকবর খান জানান, ২০১০ সালের ২৭ অক্টোবর ব্যাব-১২ এর তিন নম্বর কোম্পানির একটি দল অধিনায়ক মেজর মোহাম্মদ মাহফুজুল হকের নেতৃত্বে বেআইনি অস্ত্র উদ্ধারের জন্য ওই গ্রামে যায়।

তিনি জানান, তারা অস্ত্রের ক্রেতার ছদ্মবেশে বাবুল শেখ ও মামুনের কাছে অস্ত্র কেনার জন্য দামাদামি করেন। বাবুল র‌্যাব সদস্যদের অস্ত্র দেখান।এ সময় র‌্যাব সদস্যরা বাবুলের হাতে হাতকড়া লাগিয়ে দেন। মামুনকে মেজর মোহাম্মদ মাহফুজুল হক ধরে ফেলেন। এদের চিৎকারে আশেপাশ থেকে অন্যরা চলে আসেন। এ সময় সবুজ মেজর মাহফুজুল হককে ছুরিকাঘাত করেন। এরপর বাবুল ও মামুন পালিয়ে যান।

এই আইনজীবী আরও জানান, পরে মেজর মাহফুজুল হককে উদ্ধার করে ঘাটাইল সম্মিলিত সামরিক হাসপাতালে নিয়ে চিকিৎসা দেওয়া হয়। এ ঘটনার র‌্যাব সদস্য বাবুল হোসেন ওই দিনই গোপালপুর থানায় একটি মামলা করেন।

মামলা চলাকালে আসামি মামুন র‌্যাবের সাথে ‘বন্দুক যুদ্ধে’ নিহত হন।

এরপর তদন্তকারী কর্মকর্তা আদালতে অভিযোগপত্র জমা দেন।

রায়ে আদালত বাবুল ও কালাম পাঁচ বছরের কারাদণ্ড এবং প্রত্যেকে ১১ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও সাত মাসের কারাদণ্ড; সবুজকে তিন বছরের কারাদণ্ড এবং  পাঁচ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও তিন মাসের কারাদণ্ড দেওয়া হয়।

এ ছাড়া রায়ে আসামি নুরু মণ্ডলকে খালাস দেওয়া হয় বলে জানান রাষ্ট্র পক্ষের এই আইনজীবী।