২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নরসিংদীতে বিদ্যানন্দের বাজার থেকে ১০ টাকায় ‘ব্যাগ ভর্তি সদাই’

সমাজসেবায় অসামান্য সব অবদানের জন্য ২০২৩ সালে সরকার তাদের একুশে পদকে ভূষিত করে।

নরসিংদী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Mar 2024, 02:15 AM

Updated : 17 Mar 2024, 07:55 PM

নরসিংদীতে দরিদ্রদের ১০ টাকায় ব্যাগ ভর্তি নিত্যপণ্য কেনার বাজার বসায় বিদ্যানন্দ ফাউন্ডেশন।

রোববার জেলা শিল্পকলা একাডেমীতে ফাউন্ডেশনের উদ্যোগে ‘দুই মিনিটে বাজার’ থেকে চাল, ডাল, তেলসহ ২৫ প্রকারের নিত্যপণ্য কিনতে পেরে খুশি দুই শতাধিক দরিদ্র পরিবার।

দুপুরে নরসিংদীর জেলা প্রশাসক বদিউল আলম প্রধান অতিথি হিসেবে এ বাজারের উদ্বোধনের পর শুরু হয় বেচাকেনা।

আয়োজকরা জানান, জরিপের মাধ্যমে বিদ্যানন্দের সদস্যরা শহরের বিভিন্ন এলাকায় অভাবী পরিবার চিহ্নিত করে নির্দিষ্ট কার্ড দেন। সে কার্ড দেখিয়ে পরিবারগুলো ওই বাজার থেকে কেনাকাটার সুযোগ পায়।

ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান ফারুখ আহমেদ বলেন, বিশেষ এই বাজারে সুবিধাবঞ্চিত, দুঃস্থ ও অসহায় দুই শতাধিক পরিবারের জন্য চাল, ডাল, ডিম ভোজ্য তেলসহ ২৫ ধরনের নিত্যপ্রয়োজনীয় দ্রব্য নামমাত্র মূল্যে সরবরাহ করা হয়।

এর মধ্যে ১ টাকায় এক কেজি চাল, ২ টাকা কেজি মশুর ডাল, ১ টাকা কেজি আটা, ১ টাকায় এক কেজি লবণ, ৩ টাকায় এক কেজি চিনি, ২ টাকায় এক ডজন ডিম, ২ টাকায় নুডুলস, ৪ টাকায় স্কুলব্যাগ সহ শিক্ষাসামগ্রী, ৫ টাকায় মাছ, মুরগি কিনতে পেরেছেন সুবিধাবঞ্চিত দরিদ্র মানুষ।

ফারুখ আহমেদ বলেন, “নামমাত্র টোকেন মানির বিনিময়ে আড়াইশত মানুষ পেয়েছেন ৬ থেকে ৭ শত টাকার নিত্যপণ্য।

জেলা পর্যায়ে এ ধরনের আয়োজনের পর আরও প্রান্তিক পর্যায়ে এমন আয়োজনের চেষ্টা থাকবে বলে তিনি জানান।

সচ্ছল ব্যক্তি বা প্রতিষ্ঠান সহযোগিতা নিয়ে পাশে দাঁড়ালে দেশজুড়ে এমন উদ্যোগ বাস্তবায়ন করা সহজতর হবে বলে তিনি মনে করেন ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান।

ধারাবাহিকভাবে সব জেলায় ১০ টাকায় ‘দুই মিনিটে বাজার’ এর আয়োজন করা হবে বলে জানায় বিদ্যানন্দ ফাউন্ডেশন।

এদিকে, ১০ টাকায় ব্যাগ ভর্তি বাজার শেষে বিনামূল্যে নাস্তার আয়োজনে অংশ নেন ক্রেতারা।

দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতির এই সময়ে নামমাত্র মূল্যে ব্যাগ ভর্তি নিত্যপণ্য কেনার সুযোগ পেয়ে উচ্ছ্বসিত দরিদ্র পরিবারগুলো।

বিদ্যানন্দ ফাউন্ডেশনের এমন উদ্যোগকে স্বাগত জানিয়ে অন্যান্য ব্যক্তি বা প্রতিষ্ঠানকে সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর অনুরোধ জানিয়েছেন নরসিংদীর জেলা প্রশাসক বদিউল আলম।

জেলা প্রশাসন সবসময় এমন মহতী উদ্যোগের পাশে থাকবে বলে জানান তিনি।

দেশ-বিদেশে ভিন্নতর পদ্ধতিতে সেবামূলক কাজ করে বেশ প্রশংসা কুড়িয়েছে বিদ্যানন্দ ফাউন্ডেশন।

বিশেষ করে করোনাকালীন কেউ যখন ভয়ে ঘর থেকে বের হচ্ছিল না তখন জীবনবাজি রেখে সাধারণ মানুষের পাশে দাঁড়িয়ে ভালোবাসা অর্জন করে নেয় এই প্রতিষ্ঠান।

সমাজসেবায় অসামান্য সব অবদানের জন্য ২০২৩ সালে সরকার তাদের একুশে পদকে ভূষিত করে।

এছাড়াও ২০২২ সালে সমাজকল্যাণ মন্ত্রণালয় কর্তৃক জাতীয় মানবকল্যাণ পদক ও ২০২১ সালে ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথ কর্তৃক ‘কমনওয়েলথ পয়েন্টস অফ লাইট’ পদকে ভূষিত হয় এই স্বেচ্ছাসেবী সংগঠনটি।

[প্রতিবেদনটি প্রথম প্রকাশিত হয়েছিল ০১ অক্টোবর ২০২৩ তারিখে: ফেইসবুক লিংক]