২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নারায়ণগঞ্জের নিখোঁজ শিশুর মরদেহ মিলল ৫ দিন পর

২৫ জানুয়ারি দুপুরে বাসার পাশে খেলতে গিয়ে আর ফেরেনি শিশুটি।

নারায়ণগঞ্জের নিখোঁজ শিশুর মরদেহ মিলল ৫ দিন পর

প্রতীকী ছবি

নারায়ণগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Feb 2023, 12:13 AM

Updated : 01 Feb 2023, 12:13 AM

নিখোঁজের পাঁচ দিন পর নারায়ণগঞ্জের এক শিশুর মরদেহ পাওয়া গেছে শীতলক্ষ্যা নদীতে। এ ঘটনায় দুইজনকে আটক করেছে পুলিশ। 

সোমবার বিকালে সাত বছর বয়সী এই শিশুর লাশ পাওয়া যায় বলে স্বজন ও পুলিশ জানিয়েছে৷ 

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের কামশাইর এলাকার বাসিন্দা এবং স্থানীয় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রথম শ্রেণির শিক্ষার্থী ছিল৷ 

মেয়েটির চাচা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ২৫ জানুয়ারি দুপুরে স্কুল থেকে ফেরার পর বাসায় ভাত খেয়ে স্কুলড্রেস পরিহিত অবস্থায় বাসার পাশে খেলতে যায় শিশুটি। বিকাল ৫টার পর তাকে খুঁজে পাওয়া যায়নি। ওই রাতেই রূপগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি করেন পরিবারের লোকজন৷ 

তিনি আরও বলেন, তার ভাই [শিশুর বাবা] রিকশাচালক৷ ঢাকার ডেমরার দিকে রিকশা চালান৷ আগে দুটি বিয়ে করেছেন৷ তৃতীয় স্ত্রীর সন্তান এই শিশু। 

তার ভাতিজিকে ‘হত্যা করা হয়েছে’ দাবি করে তিনি বলেন, “কী কারণে আমার ভাতিজিকে হত্যা করা হইসে জানি না৷ পুলিশ মফিজুল (২৫) ও মাসুদ (২৬) নামে দুইজনকে আটক করছে৷ তাদেরই আমরা সন্দেহ করি। মফিজুল আমার আগের ভাবির ভাই৷ তাদের সাথে পারিবারিক দ্বন্দ্ব ছিল আমাদের।” 

রূপগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) আতাউর রহমান জানান, দুইজনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়েছে৷ থানায় নিখোঁজের জিডি করা হয়েছিল৷ কিন্তু লাশ মিলেছে রূপগঞ্জ থানা এলাকার বাইরে, ওই এলাকা ডেমরা থানায়৷ যেহেতু লাশ নৌ পুলিশ উদ্ধার করেছে তাই মামলা কোন থানায় হবে সেটা এখনও নিশ্চিত না৷ 

তবে তারা তাদের মতো করে আইনানুগ কার্যক্রম চালাচ্ছেন বলে জানান।