তিনটি বগি লাইনচ্যুত, জামালপুর-ময়মনসিংহ পথে ট্রেন চলাচল বন্ধ
লোকাল ট্রেনটি জামালপুরের দেওয়ানগঞ্জ স্টেশন থেকে ময়মনসিংহ পর্যন্ত চলাচল করে।
জামালপুরে একটি যাত্রীবাহী লোকাল ট্রেনের তিনটি বগি লাইনচ্যুত হয়ে জামালপুর-ময়মনসিংহ পথে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।
বৃহস্পতিবার বেলা সোয়া ১১টায় দেওয়ানগঞ্জ থেকে ছেড়ে আসা ময়মনসিংহগামী ২৫৬ নম্বর লোকাল ট্রেনটি জামালপুরের পিয়ারপুর রেলস্টেশন অতিক্রমের সময় এ ঘটনা ঘটে বলে ওই রেলওয়ে স্টেশন মাস্টার আব্দুল মমিন জানান।
স্টেশন মাস্টার আব্দুল মমিন বলেন, ট্রেন লাইনচ্যুতির ঘটনায় কেউ হতাহত হয়নি। খবর পেয়ে দুপুরে ময়মনসিংহ থেকে উদ্ধারকারী রিলিফ ট্রেন ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করেছে।
দুর্ঘটনা কবলিত ট্রেনটি জামালপুরের দেওয়ানগঞ্জ স্টেশন থেকে ময়মনসিংহ পর্যন্ত চলাচল করে বলে জানান তিনি।
জামালপুর জংশন রেল স্টেশনের মাস্টার শেখ উজ্জ্বল মাহমুদ বলেন, রিলিফ ট্রেন উদ্ধার কাজ শুরু করেছে। লাইনচ্যুত বগি উদ্ধারের পর দ্রুত সময়ের মধ্যে এই লাইনে ট্রেন চলাচল স্বাভাবিক হবে।
